যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল ট্যাংক থেকে সরবরাহের সময়ে ‘লোডিং স্লিপ’ এবং যৌথ মাপের (জয়েন্ট ডিপ) জন্য নিরাপত্তা শাখার কর্মীদের সম্পৃক্ত রাখার নিয়ম থাকলেও দুই বছর আগে তাঁদের বাদ দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রামের ২১টি ট্যাংক থেকে কী পরিমাণ জ্বালানি তেল বাইরে বিপণনের জন্য সরবরাহ করা হচ্ছে, তা চালানের সঙ্গে মেলানো যাচ্ছে না। এ কারণেই অনিয়মের আশঙ্কা বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যমুনা অয়েল কোম্পানি পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েল, লুব অয়েল, জেবিও, বিটুমিন ও তরল গ্যাস (এলপিজি) বাজারজাত করে আসছে। চট্টগ্রামে যমুনার ২১টি ট্যাংকের ধারণক্ষমতা ৯০ হাজার মেট্রিক টন। এই ২১টি ট্যাংকের অবস্থান চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত।
যমুনা অয়েল কোম্পানির ১৯ নম্বর ট্যাংকের একজন নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘কেবল একটি চালান দিয়ে জ্বালানি তেলভর্তি ভাউচার (গাড়ি) গন্তব্যে চলে যায়। আগে আমরা চালান নম্বরের সঙ্গে লোডিং স্লিপ মিলিয়ে ভাউচার বা ওয়াগন বাইরে যেতে দিতাম। ২০১২ সালের মার্চ থেকে লোডিং স্লিপ প্রথা বাতিল করা হয়।’
যমুনা অয়েলের নিরাপত্তা শাখা সূত্র জানায়, যুগ যুগ ধরে লোডিং স্লিপের মাধ্যমে যমুনার জ্বালানি তেল বাইরে সরবরাহের প্রথা চালু ছিল। একই সঙ্গে ভাউচারে তেল ভরার (লোডিং) সময়ে গেজার ও নিরাপত্তা শাখার লোকদের রাখা হতো। উভয় পক্ষের উপস্থিতিতে ভাউচারে তেল লোডিং হতো, যার ভিত্তিতে চালান এবং লোডিং স্লিপ তৈরি হয়। ২০১২ সালের মার্চ থেকে কেবল গেজাররা তেল লোডিং করে আসছে। নিরাপত্তা শাখার কর্মীদের বাদ দেওয়া হয়েছে। ফলে কী পরিমাণ জ্বালানি ভাউচারে লোডিং হচ্ছে এই হিসাবের সঙ্গে চালানের মিল আছে কি না, সেটা নিরাপত্তাকর্মীরা এখন আর জানেন না।
যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জ্বালানি তেল সরবরাহের জন্য ছয়টি চালান তৈরি করা হয়। নিরাপত্তা শাখাকে চালানের একটি অনুলিপি দেওয়া হয়, যার ভিত্তিতে তেলবাহী গাড়ি ট্যাংক এলাকা থেকে গন্তব্যে চলে যায়।’
আলিম উদ্দিন আরও বলেন, ‘লোডিং স্লিপ প্রথার ভিত্তি নেই। আমাদের কাছে চালানটি হচ্ছে গুরুত্বপূর্ণ। ছয়টি জায়গায় আমরা চালানগুলো পাঠিয়ে দিই।’
তদন্ত কমিটির প্রধান ও যুগ্ম সচিব এস এম রেজওয়ান হোসেন গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘ট্যাংক থেকে জ্বালানি তেল বাইরে সরবরাহের নিয়মকানুন মানা হচ্ছে কি না, সে দিকটি আমরা তদন্ত করে দেখব।’