প্রাথমিক স্তরের বই ছাপা-সংক্রান্ত জটিলতা নিয়ে আগামী সপ্তাহে যৌথ সভা ডাকার পরামর্শ দিয়েছে অর্থদাতা সংস্থা বিশ্বব্যাংক। গতকাল বুধবার শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একটি দল সংস্থাটির ঢাকা কার্যালয়ে গিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে তাদের মত জানিয়ে এসেছে।
এনসিটিবি সূত্র জানায়, বিশ্বব্যাংকের কাছে দেওয়া বক্তব্য গতকাল এনসিটিবির বোর্ড সভায় তুলে ধরা হয়। সভায় জানানো হয়, বিশ্বব্যাংক প্রথমে নতুন করে দরপত্র আহ্বান করা যায় কি না, সে বিষয়টি নিয়ে ভাবতে বলে। কিন্তু এনসিটিবির কর্মকর্তারা জানান, এখন আর সেই সুযোগ নেই। এটা করলে শিক্ষার্থীদের বই দিতে দেরি হবে। তা ছাড়া সরকারি ক্রয়বিধি অনুযায়ী, প্রকাশক ও মুদ্রাকরেরা অস্বাভাবিক কম দর দিলেও তা আইনবহির্ভূত নয়।
বোর্ড সভায় অংশ নেওয়া এনসিটিবির একজন সদস্য প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহে এ পরিস্থিতি নিয়ে যৌথ সভা ডাকার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। সভায় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বিশ্বব্যাংক ও এনসিটিবির প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া প্রাথমিকের বই বিতরণের পর মান দেখার জন্যও শক্তিশালী পৃথক একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, সরকারের অগ্রাধিকার হচ্ছে, যেকোনো উপায়ে ১ জানুয়ারি নতুন বই দেওয়া। উদ্ভূত পরিস্থিতিতে বোর্ড সভা ডাকা হলেও গতকাল চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এনসিটিবির প্রতিনিধিদল বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে আলোচনার বিষয়বস্তু বোর্ডকে অবহিত করেছে। সবার সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে আগামী সপ্তাহে বই ছাপার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রাথমিকের পাঠ্যবই ছাপার কাজ পেতে প্রাক্কলিত দরের চেয়ে জোট বেঁধে অবিশ্বাস্য কম দর দেন ২২ মুদ্রাকর ও প্রকাশক। গত বছরের দরপত্রমূল্য এবং বাজারদর পর্যালোচনা করে এনসিটিবি শুধু প্রাথমিক স্তরের বই ছাপার জন্য ৩৩০ কোটি টাকা খরচের বিষয়টি প্রাক্কলন করে। কিন্তু প্রাথমিকে ২২ জন এবং প্রাক-প্রাথমিকে দুজন মুদ্রাকর ও প্রকাশক জোটবদ্ধ হয়ে ২২১ কোটি টাকায় এ কাজ নিয়েছে। ফলে সরকার যে টাকায় কাজ করাতে চায়, মুদ্রাকর ও প্রকাশকেরা তার চেয়ে ১০৯ কোটি টাকা কমে তা করে দিতে আগ্রহী। এই প্রক্রিয়ায় বিদেশি কোনো ছাপাখানা কাজ পায়নি।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি আজ বৃহস্পতিবার এনসিটিবির বক্তব্য জানতে চাইবে। এনসিটিবিকে আগেই এ বিষয়ে প্রস্তুতি নিতে বলেছিল কমিটি।
সংসদীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, সময়মতো মানসম্মত বই দেওয়া নিশ্চিত করতে সংসদীয় কমিটি তার সাধ্যমতো ভূমিকা রাখবে।
প্রাথমিকের বই ছাপা-সংক্রান্ত জটিলতা নিয়ে গত সোমবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।