টিপাইমুখ প্রকল্পে বাংলাদেশের লাভ-ক্ষতি নিয়ে সরকারের নিজস্ব উদ্যোগে জরুরি ভিত্তিতে সমীক্ষা চালানো উচিত। তা না হলে যৌথ সমীক্ষার পর দর-কষাকষির সময় বাংলাদেশ কোনো সুফল পাবে না। ভারতের মণিপুর রাজ্যের টিপাইমুখে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে গতকাল মঙ্গলবার এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এ অভিমত দেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘টিপাইমুখ প্রকল্প: বাংলাদেশের প্রেক্ষিত’ শিরোনামে এ আলোচনার আয়োজন করে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এতে বিশেষজ্ঞরা মূলত যৌথ সমীক্ষা পরিচালনা ও প্রকল্পের দীর্ঘমেয়াদি প্রভাবের ওপর গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।সম্মানিত অতিথির বক্তৃতায় বাংলাদেশ স্কুল অব ইকোনমিকসের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘ভারতের আশ্বাস থেকে আমি ধরে নিচ্ছি, ফুলের তলে ব্যারাজ হবে না। তার পরও টিপাইমুখ প্রকল্পে আমাদের লাভ-ক্ষতি কী হবে, সেটা ভালোভাবে জানতে হবে।’ নব্বইয়ের দশকের মাঝামাঝি প্রণীত বন্যা নিয়ন্ত্রণ কর্মপরিকল্পনার গুরুত্ব উল্লেখ করে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘এটিকে ধরেই আমরা সমীক্ষা এগিয়ে নিতে পারি।’ সভাপতির বক্তৃতায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত এ বিষয়ে বাংলাদেশের মত নেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘ভারত যদি টিপাইমুখ প্রকল্প নির্মাণ-প্রক্রিয়া এগিয়ে নিয়ে থাকে, সে ক্ষেত্রে বাংলাদেশের মতামত নেওয়া হয়েছে কি না, আমরা জানি না। এ বিষয়টি স্পর্শকাতর।’ আবুল বারকাত বলেন, বাংলাদেশের মানুষের তাৎক্ষণিক স্বার্থের পরিপ্রেক্ষিতে নয়, দূরবর্তী স্বার্থের বিষয়গুলোকে বিবেচনায় যৌথ সমীক্ষা করতে হবে। সমীক্ষার কর্মপরিধি, প্রকল্পে বাংলাদেশের লাভ-ক্ষতি, ক্ষতি কমানোর উপায় এ বিষয়গুলো যথার্থভাবে নিরূপণ করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক মহাপরিচালক মোখলেসুজ্জামান বলেন, যদি সঠিক তথ্য-উপাত্ত না থাকে, একক সমীক্ষায় কোনো ফল আসবে না। তাই যৌথ সমীক্ষা চালানো জরুরি। ভারত অনেক আগেই যৌথ নদী কমিশনে প্রকল্পের বিষয়টি উল্লেখ করেছিল বলে জানান পাউবির আরেক সাবেক মহাপরিচালক গোলাম রাব্বানি। তিনি প্রশ্ন তোলেন, গত ৪০ বছরে কেন জাতীয় পর্যায়ে একটি সমীক্ষা করা গেল না।গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরামর্শক কমিটির চেয়ারম্যান এম এ কাশেম। তিনিও বাংলাদেশের নিজস্ব সমীক্ষার ওপর গুরুত্ব দেন। এম এ কাশেম বলেন, ‘নিজস্ব তথ্য-উপাত্ত না থাকলে ভারতের সঙ্গে কীভাবে কথা বলব? তাই জরুরি ভিত্তিতেই এ সমীক্ষা চালাতে হবে।’