যৌথ সমীক্ষার পর সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনে বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা মতৈক্যে পৌঁছেছেন। একই সঙ্গে তাঁরা চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে খুলনা থেকে রাজশাহী পর্যন্ত সীমান্তে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট-সংলগ্ন বিজিবির কোম্পানি সদর দপ্তরে পতাকা বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের সীমান্ত সমস্যা গুরুত্ব পায়। বৈঠক শেষে বিজিবির কুষ্টিয়া সেক্টরের স্টাফ অফিসার মেজর মেহেদী হাসান প্রথম আলোকে জানান, সৌহার্দপূর্ণ পরিবেশে দিনব্যাপী ওই বৈঠকে হেরোইন ও ফেনসিডিলসহ মাদকদ্রব্যের আগ্রাসনে বাংলাদেশের যুবসমাজ ধ্বংস ও আইনশৃঙ্খলার অবনতির বিষয়টি উত্থাপন করা হয়। মাদক পাচার বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফের সহযোগিতা চাওয়া হয়। এ ছাড়া সীমান্ত পিলার, সীমান্ত এলাকায় স্থাপনা তৈরি ও কাঁটাতারের বেড়া নির্মাণে যৌথ সমীক্ষার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। এখন থেকে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে কোনো দেশের নাগরিক অনুপ্রবেশ করলে গুলি না ছুড়ে অনুপ্রবেশকারীকে আইনে সোপর্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে নোডাল অফিসার (সমন্বয়কারী) পর্যায়ে পতাকা বৈঠকে কর্মকর্তারা সীমান্ত অপরাধ দমনে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। বৈঠকে বিজিবির পক্ষে তিন নোডাল অফিসার—খুলনা সেক্টরের লে. কর্নেল মনিরুল ইসলাম, কুষ্টিয়া সেক্টরের লে. কর্নেল হামিদুন্নবী চৌধুরী ও রাজশাহী সেক্টরের লে. কর্নেল মঞ্জুরুল আলম এবং বিএসএফের পক্ষে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক এ এইচ রিজভী আহমেদ নেতৃত্ব দেন।