যৌথ সম্মেলনে যোগ দিতে চুয়াডাঙ্গার ডিসি ভারতে গেলেন
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জেলা পর্যায়ের দুুই দিনের যৌথ সীমান্ত সম্মেলন। সম্মেলনে যোগ দিতে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ভোলানাথ দের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বুধবার নদীয়া যায়। চার সদস্যের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জেলার পুলিশ সুপার (এসপি) শেখ মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মজিবর রহমান ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আওয়াল। বিজিবির একজন প্রতিনিধির সম্মেলনে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কেউ যাননি।সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার নদীয়ার কৃষ্ণনগর সার্কিট হাউসে এই যৌথ সীমান্ত সম্মেলন হবে। ভারতের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নদীয়ার জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় বানসাল।সূত্রমতে, সীমান্তে অমীমাংসিত জমি, চুরি ও নষ্ট হয়ে যাওয়া সীমানা পিলার পুনঃস্থাপন, সীমান্তে চোরাচালান বন্ধ, নারী ও শিশু পাচার রোধ, সীমান্ত এলাকায় চুরি-ডাকাতি বন্ধ, দর্শনা বন্দর থেকে ভারতের গেদে পর্যন্ত পাকা রাস্তা নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।৯ জুলাই প্রতিনিধিদলের সদস্যরা দেশে ফিরবেন।