যৌথ সরকারের প্রস্তাব দিলেন রফিক-উল হক
চলমান সংকট নিরসনে প্রধান দুই দলের সমন্বয়ে ‘যৌথ সরকার’ গঠনের প্রস্তাব করেছেন বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক। তিনি বলেন, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে, সরকার রাজি হচ্ছে না। তত্ত্বাবধায়ক না হোক, নির্বাচনকালে যৌথ সরকার হতে পারে। এতে দুই পক্ষের লোক থাকবেন। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় রফিক-উল হক এ কথা বলেন। তারেক রহমান তৃণমূল রাজনীতির প্রবক্তা নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভা হয়। রফিক-উল হক বলেন, ‘তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলে আবারও বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। তাই বিএনপির প্রতিটি অঙ্গসংগঠনকে এমনভাবে কাজ করতে হবে, যাতে করে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় যেতে পারে। এ জন্য তত্ত্বাবধায়ক-অন্তর্বর্তীকালীন যা-ই বলেন না কেন, বিএনপিকে ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি রাখতে হবে।’ প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে রফিক-উল হক বলেন, ‘শেখ হাসিনা কাল (মঙ্গলবার) বলেছেন, নির্বাচনকালে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমি চাই একটি অর্থপূর্ণ নির্বাচন। যে যাকে ভোট দিতে চাইবে, তাকেই যেন দিতে পারে।’ প্রবীণ এই আইনজীবী আরও বলেন, ‘অন্যকে কটাক্ষ করা বিএনপির নেত্রীর স্বভাব নয় এবং আমার নিজেরও তা অপছন্দ। তাই বিএনপির সব সংগঠনের কর্মীদের অন্যকে কটাক্ষ করার স্বভাব বাদ দিয়ে ত্যাগী হতে হবে।’ উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরী এ ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।