যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা সই হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে
সন্ত্রাস ও অপরাধমূলক তৎপরতার পাশাপাশি সীমান্তে প্রাণহানি বন্ধের প্রয়াসে বাংলাদেশ ও ভারত যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা সই করছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল শনিবার অনুষ্ঠেয় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এটি স্বাক্ষরিত হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম দুই দিনের সফরে আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামীকাল সন্ধ্যায় চিদাম্বরমের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ বুধবার প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা ও যৌথ সীমান্ত ব্যবস্থাপনার বিষয় আলোচনায় প্রাধান্য পাবে। এরই আলোকে ভারতের প্রস্তাবিত যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনাসংক্রান্ত চুক্তি সই হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসবাদ দমনে ভারতকে বিভিন্ন সহযোগিতা করেছে বাংলাদেশ। বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে আশ্রয় না দেওয়ার ব্যাপারে বাংলাদেশ তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে। বাংলাদেশের এ পদক্ষেপে ভারতের সন্তুষ্টি প্রতিফলিত হবে চিদাম্বরমের সফরে। ১৯৯৭ সালের পর ভারতের কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা: সীমান্তে মানব ও মাদক পাচারসহ অপরাধমূলক তৎপরতা বন্ধ, সাধারণ লোকের প্রাণহানি রোধ, অবাধ যাতায়াত রোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২০০৮ সালেই যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা সইয়ের প্রস্তাব করেছিল ভারত। ঢাকায় অনুষ্ঠিত স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে এর খসড়া উপস্থাপন করা হয়। বিভিন্ন পর্যায়ে আলোচনার পর বাংলাদেশ এ বিষয়ে কিছু মতামত ওই খসড়ায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়। এরপর গত ডিসেম্বরে ফের সংশোধিত খসড়া পাঠায় ভারত। ওই খসড়া চূড়ান্ত করার পর এবারকার বৈঠকে সই হবে।খসড়া প্রস্তাব অনুযায়ী মূলত ঝুঁকিপ্রবণ এলাকা বিশেষ করে সীমান্তবর্তী নদী ও যেখানে কাঁটাতারের বেড়া নেই এমন এলাকায় এটি বাস্তবায়িত হবে। দুই পক্ষ ঠিক একই সময় টহল চালাবে, অপরাধমূলক তৎপরতার বিষয়ে দুই পক্ষ একে অন্যের সঙ্গে দ্রুত তথ্য বিনিময় করবে। বৈঠকের আলোচ্যসূচি: স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামীকালের বৈঠকে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার পাশাপাশি গত বছর সই হওয়া সন্ত্রাসবাদ দমনবিষয়ক তিনটি চুক্তির বাস্তবায়ন গুরুত্ব পাবে। হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকের প্রায় দেড় বছর পরও তিনটি চুক্তি বাস্তবায়িত না হওয়ার প্রেক্ষাপটে এগুলো বাস্তবায়নের বিষয়ে ভারতের পক্ষ থেকে তাগিদ দেওয়া হতে পারে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে অন্য বিষয়ের পাশাপাশি সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের প্রাণহানি বন্ধের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে।সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে ইন্টারপোলের জারি করা পরোয়ানা বাস্তবায়নে দুই দেশ ইতিমধ্যেই সম্মত হয়েছে। এর আলোকে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি ক্যাপ্টেন (অব.) মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে আবার ভারতের সহযোগিতা চাওয়া হবে। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি দিল্লির তিহার জেলে আটক দুই জমজ ভাই মুরসালিন ও মুত্তাকিমকে হস্তান্তর করতেও ভারতকে অনুরোধ জানানো হবে। এ ছাড়া সীমান্তের দীর্ঘদিনের অমীমাংসিত প্রসঙ্গ, অপদখলীয় জমি ও ছিটমহল বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার অচিহ্নিত সীমানা নির্ধারণের মতো সীমান্ত বিরোধের বিষয়গুলোও দুই মন্ত্রীর বৈঠকে আলোচনা হবে।