যৌথবাহিনীর অভিযানে আরও আটক ৩১
দেশের চার জেলা থেকে ৩১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের বিশেষ অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ১৮, সাতক্ষীরা থেকে ১০, নীলফামারী থেকে দুই ও
সিরাজগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
সীতাকুণ্ডের ছলিমপুরে গত বুধবার রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক শাহ আলম হাওলাদার বলেন, মহাসড়কে গাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ কর্মীকে গ্রেপ্তার করা হয়। এই ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, গাছ কেটে সড়ক অবরোধ ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। নীলফামারীর ডোমার ও জলঢাকা উপজেলার কয়েকটি স্থানে বুধবার রাতে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল
দুপুরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রধানকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বেলা আড়াইটার দিকে তাঁকে উল্লাপাড়া উপজেলার পৌর এলাকার ঝিকিড়া মহল্লা থেকে গ্রেপ্তার করা হয়।