হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব যৌথভাবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
গতকাল বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের কাছে এই সুপারিশ করা হয়েছে বলে পরে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, বিমানে যোগ্য জনবলের অভাব আছে। ৮০ শতাংশ জনবল বিভাগীয় কর্মকর্তা। বেশির ভাগ ক্ষেত্রে অযোগ্য এসব কর্মকর্তা পদোন্নতি পেয়ে পেয়ে ওপরের পদ দখল করে বসে আছেন। এঁরা এখন পরিচালক হতে চান। সে জন্য কমিটি বিমানে কর্মকর্তা পদে নতুন জনবল নিয়োগ দিতে বলেছে।
প্রসঙ্গত, শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ শুরু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস করে আসছে। বছরে প্রায় ৪০০ কোটি টাকার এই ব্যবসা নেওয়ার জন্য বিভিন্ন সরকারের আমলে প্রভাবশালী বিভিন্ন গোষ্ঠী চেষ্টা চালিয়ে আসছে।
সংসদীয় কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, বৈঠকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইল হেয়্যুডের চাকরির মেয়াদ না বাড়ানোর সুপারিশ করে কমিটি। বৈঠকে ব্রিটিশ নাগরিক কাইলের বিরুদ্ধে অনুমতি না নিয়ে ছুটি ভোগ করা এবং তাঁর বেতনের টাকা হুন্ডি করে দেশের বাইরে পাঠানোর অভিযোগ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বিমানের ফিরতি হজ ফ্লাইটে হাজিদের মালপত্র (ব্যাগেজ) নিয়ে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এ কাজের জন্য বিমান কর্তৃপক্ষ সৌদি আরবে একজন পাকিস্তানি নাগরিকের প্রতিষ্ঠানকে নিয়োগ করেছিল। এ নিয়ে সংসদীয় কমিটি ক্ষোভ প্রকাশ করে।
বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান প্রথম আলোকে বলেন, বিমান কর্তৃপক্ষ বলেছে, সৌদি আরবে পাকিস্তানি প্রতিষ্ঠানকে হাজিদের মালপত্র ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছেন কাইল হেয়্যুড। কিন্তু কমিটি মনে করে, বিমান পরিচালনা পর্ষদ থাকতে কাইল একক ক্ষমতায় একটি প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দিতে পারেন না।
ফারুক খান বলেন, বিমানের এমডির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। তিনি অনুমতি না নিয়ে ছুটি ভোগ করেন। বছরে তাঁর ছুটি পাওনা ৩০ দিন। কিন্তু তিনি ইতিমধ্যে ৬০ দিনের বেশি ছুটি কাটিয়ে ফেলেছেন। অননুমোদিত ছুটি পরে সমন্বয় করেন না। অথচ তাঁর পেছনে প্রতি মাসে ২০ লাখ টাকা খরচ হয়। সে জন্য কমিটি তাঁর চাকরির মেয়াদ না বাড়ানো এবং পরবর্তী এমডি হিসেবে দেশের মধ্য থেকে কাউকে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে।
কাইলের নিয়োগের মেয়াদ আগামী ৪ জানুয়ারি শেষ হবে বলে জানা গেছে।
ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, আফতাব উদ্দীন সরকার, সাবিহা নাহার বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।