যৌন উদ্দীপক পানীয় ও বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শনিবার দুপুরে শেরপুর-জামালপুর মহাসড়কের পোড়ার দোকান এলাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের যৌন উদ্দীপক পানীয় ও বড়ি উদ্ধার করেছে। এ সময় পুলিশ মো. মফিজুর রহমান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার খৈয়ারচর গ্রামের মো. আবদুল মালেকের ছেলে। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল দুপুর একটার দিকে শেরপুর-জামালপুর মহাসড়কের পোড়ার দোকান এলাকায় অভিযান চালায়। এ সময় জামালপুর থেকে শেরপুরগামী সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এক হাজার ২০৬ বোতল যৌন উদ্দীপক পানীয় ‘জিনসিন’ ও ১৪টি ‘ভিগরাস’ বড়ি উদ্ধার এবং অটোরিকশায় থাকা মফিজুর রহমানকে আটক করে। পুলিশ জানায়, উদ্ধার করা এসব দ্রব্যের মূল্য লক্ষাধিক টাকা। ‘ভিগরাস’ বড়ি ঢাকার জিনি ল্যাবরেটরিজ লিমিটেডের উৎপাদিত এবং ‘জিনসিন’ পানীয় প্রোগ্রেসিভ মার্কেটিং কোম্পানির বাজারজাত করা বলে মোড়কে লেখা রয়েছে। মফিজুর রহমান ময়মনসিংহ থেকে এগুলো কিনে শেরপুরের বিভিন্ন মুদি দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, উদ্ধার করা পানীয় ও বড়ি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ব্যাপারে মফিজুর রহমানসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।