যৌন ও প্রজননস্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ে এখনো একধরনের গোপনীয়তা বজায় রাখা হয়। অথচ এটি কোনো পছন্দ নয়, এটি একটি অধিকার। তাই সরকারের পরিকল্পনা ও বাজেটে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। সরকারের পাশাপাশি কিশোর-কিশোরীদের পাশে সবাইকে সমন্বিতভাবে দাঁড়াতে হবে।
গতকাল মঙ্গলবার বাংলা একাডেমিতে যৌন ও প্রজননস্বাস্থ্য-বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বে আলোচকেরা এসব কথা বলেন।
তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে সুইডেন ও নেদারল্যান্ডস দূতাবাস, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মেলনে পার্টনার হিসেবে আছে। এনজিও আরএইচস্টেপ এতে সচিবালয়ের ভূমিকা পালন করছে। এ সম্মেলনকে জ্ঞান বিতরণের মেলাও বলা হচ্ছে। সম্মেলনে যৌন ও প্রজননস্বাস্থ্য নিয়ে কর্মরত সরকারি-বেসরকারি প্রতিনিধি, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। উদ্বোধনী পর্বের প্রধান অতিথি স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, কৈশোর হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময় কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়। এ সময় তারা কোথায় যাবে, কোথায় সেবা পাবে তা নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি নিতে হবে। এ পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের প্রধান লিয়ানে কুপেনস।
সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার নিশ্চিত করা গেলে এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হলে কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই মেয়েদের শিক্ষা ক্ষেত্রে ধরে রাখা, কিশোরী মাতৃত্বের হার কমানো, মাতৃমৃত্যু কমানোসহ অনেক অর্জন নিশ্চিত করা সম্ভব হবে। উদ্বোধনী পর্বে আলোচনায় ইউএনএফপিএর দেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচ্চিন সরকার, দাতাগোষ্ঠী ও এনজিওর পাশাপাশ বিভিন্ন কর্মকাণ্ডে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।
এ পর্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিচালক আবদুল্লাহ সোহেল হাবিব, নেদারল্যান্ডস দূতাবাসের হেড অব মিশন মার্টিনেভান হোগসট্রাটেন এবং ইউনিসেফের উপপ্রতিনিধি স্টেফানো সাভি। সম্মেলনের এ পর্বসহ দিনব্যাপী অন্যান্য আলোচনা ও আয়োজনে কিশোর-কিশোরীরাও উপস্থিত ছিল।