পয়লা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্রীকে যৌন নিপীড়নের বিচার ২৩ মে সিন্ডিকেটের সভায় হবে বলে জানিয়েছেন উপাচার্য। গতকাল বুধবার নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করলে উপাচার্য তাঁদের এ আশ্বাস দেন।
শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবন ঘেরাও করেন। তাঁরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকসহ সবগুলো ফটক অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন। প্রায় আধা ঘণ্টা এভাবে চলার পর বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ভবনের বাইরে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা যৌন নিপীড়নের বিচারে বিলম্বের কারণ জানতে চান তাঁর কাছে। তখন উপাচার্য বিচার সম্পন্নের আশ্বাস দেন।
উপাচার্য বলেন, আগামী শনিবার শৃঙ্খলা বোর্ডের সভায় নিপীড়নের তদন্ত প্রতিবেদন পেশ করা হবে। ২৩ মে সিন্ডিকেটে শৃঙ্খলা বোর্ডে শাস্তির সুপারিশ অনুমোদন করা হবে।
উপাচার্যের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের প্রধান অধ্যাপক রাশেদা আখতার জানান, গত সোমবার যৌন নিপীড়নের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
পয়লা বৈশাখের দিন সন্ধ্যায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর হাতে যৌন নিপীড়নের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রী। এ ঘটনায় উপাচার্য ও প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। অভিযোগটি যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত করে।