যৌন নিপীড়নকারীদের শাস্তির আওতায় আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে একজন বক্তা বক্তব্য দিচ্ছেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে একজন বক্তা বক্তব্য দিচ্ছেন। ছবি: সংগৃহীত

বাংলার নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে সুপরিকল্পিতভাবে ও সংঘবদ্ধচক্র নারী ও কন্যা শিশুর ওপর যৌন নিপীড়ন চালায়। এই ধরনের ঘটনায় রাষ্ট্র, সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাশিশুর ওপর যৌন হামলা ও নিপীড়নের প্রতিবাদে ও অপরাধীদের শাস্তির দাবিতে জাতীয় জাদুঘরের সামনে আজ বুধবার মহিলা পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমগ্র এলাকা ছিল সিসিটিভি ক্যামেরার আওতায়। সিসিটিভি ক্যামেরা দেওয়ার অর্থ এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করা। যথাযথভাবে দায়িত্বের সঙ্গে ক্যামেরা মনিটর করা হলে তাৎক্ষণিকভাবে পুলিশের সেই স্থানে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ সেই মুহূর্তে কোনো ব্যবস্থা নেয়নি। এখন পর্যন্ত নিপীড়নকারীদের কাউকে পুলিশ শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানা নেই। বরং ঘটনাকে আমলে না নেওয়ার অপচেষ্টা চালায় কর্তৃপক্ষ। ক্রমাগত ঘটে যাওয়া এসব ঘটনা প্রমাণ করে, কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে অপরাধীরা নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে।

সমাজে নারীকে মানুষ হিসেবে গণ্য না করার যে দৃষ্টিভঙ্গি তা পরিবর্তনের বিষয়টিতেও জোর দেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সীমা মোসলেম, আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখ্তার, পরিচালক (লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি) মাকছুদা আখতার, বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনুস, আন্দোলন সম্পাদক লাইলা খালেদা প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন পরিষদের প্রোগ্রাম ডিরেক্টর (অ্যাডভোকেসি অ্যান্ড লবি) জনা গোস্বামী।