যৌন নিপীড়নের বিচার ২৩ মে
পয়লা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্রীকে যৌন নিপীড়নের বিচার ২৩ মে সিন্ডিকেটে সভায় অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য ফারজানা ইসলাম। আজ বুধবার ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করলে উপাচার্য তাঁদের এ আশ্বাস দেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করেন। এ সময় তাঁরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকসহ সবগুলো ফটক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্য ফারজানা ইসলাম ভবনের বাইরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের কাছে যৌন নিপীড়নের বিচারে বিলম্বের কারণ জানতে চাইলে উপাচার্য আশ্বাস দেন, আগামী ২৩ মের মধ্যে বিচার সম্পন্ন হবে। শনিবার শৃঙ্খলা বোর্ডের সভায় নিপীড়নের তদন্ত প্রতিবেদন পেশ করা হবে। ২৩ মে সিন্ডিকেটে শৃঙ্খলা বোর্ডের শাস্তির সুপারিশ অনুমোদন করা হবে। উপাচার্যের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের অবরোধ তুলে নেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের প্রধান রাশেদা আখতার জানান, গত সোমবার যৌন নিপীড়নের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
গত ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন সন্ধ্যায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর হাতে যৌন নিপীড়নের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রী। এ ঘটনায় উপাচার্য ও প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। অভিযোগটি যৌন নিপীড়ন বিরোধী সেল তদন্ত করে।