পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটা নারী লাঞ্ছনার ঘটনাসহ সারা দেশে নারীদের ওপর যৌন নিপীড়নের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ ও গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যৌথভাবে প্রতিবাদী ছাত্র সমাবেশের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক রাশিব রহমানের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ভিডিও চিত্রে অপরাধীদের সুস্পষ্টভাবে চিহ্নিত করা গেলেও সরকার এখন পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তারে কোনো ব্যবস্থা নেয়নি। এর কৈফিয়ত নিয়ে সরকারকে জনগণের সামনে হাজির হতে হবে। সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা যৌন নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়তে বড় কাগজে স্বাক্ষর করেন।