যৌন নিপীড়ন তদন্ত কমিটি ৪২ দিনেও কাজ শুরু করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গঠিত কমিটি ৪২ দিনেও কাজ শুরু করতে পারেনি। কমিটির সদস্যদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার কারণে তাঁরা কাজ শুরু করতে পারছেন না।জানা যায়, হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২০ ডিসেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। এর দুই সপ্তাহ পর কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বিলা নাজনীন ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে কমিটি থেকে পদত্যাগ করেন। পরে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক খুরশীদা বেগমকে ওই কমিটির আহ্বায়ক করা হয়। কমিটি গঠনের ৪২ দিন পেরিয়ে গেলেও কমিটির সদস্যরা এখন পর্যন্ত একটি সভাও করেননি। কমিটির পক্ষ থেকে এখনো নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অভিযোগকারী চার ছাত্রী এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়নি। এদিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রশাসনের একটি মহল তদন্ত প্রক্রিয়াকে নানাভাবে প্রভাবিত করছে। তদন্ত কমিটির প্রধান খুরশীদা বেগম প্রথম আলোকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে কমিটিকে এক মাসের সময় দেওয়া হয়েছিল। প্রথম আহ্বায়কের পদত্যাগের পর প্রশাসনের কাছে সময় বাড়ানো ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের অনুরোধ করা হয়েছে। কিন্তু এখনো এ ব্যাপারে কিছু জানানো হয়নি। সময় বাড়িয়ে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করার সঙ্গে সঙ্গে কাজ শুরু হবে।এ ব্যাপারে সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটির অনুরোধ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে ব্যস্ত থাকায় প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করা যায়নি। আজ সোমবার নথিপত্র সরবরাহ করা হবে। সেই সময় বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’