যৌন নিপীড়ন বন্ধে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে কমিটি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বন্ধে ‘অভিযোগ কমিটি’ গঠন করতে বলা হয়েছে। সে অনুযায়ী ২৪টি পাবলিক এবং ৩১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ কমিটি গঠন করা হয়েছে।জাতীয় সংসদে গতকাল রোববার বিএনপির শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা সাড়ে ১১টার দিকে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।সরকারি দলের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫-এর ধারা-২১-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বেসরকারি শিক্ষক পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ সংশোধন করে শিক্ষক নিবন্ধন সনদের পাঁচ বছরের মেয়াদ বিলুপ্ত করেছে। এ বিলুপ্তিকরণ এনটিআরসি কর্তৃক আগের গৃহীত সব শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রদত্ত প্রত্যয়নপত্রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ ওই সব প্রত্যয়নপত্রের কার্যকারিতা পুনরুজ্জীবিত হবে। রওশন জাহানের প্রশ্নের জবাবে তিনি জানান, শিক্ষা আইন, ২০১৩-এর খসড়া চূড়ান্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন বলেন, ২০১২ সালে প্রাথমিক স্তরে নিট ভর্তির হার ছিল ৯৬ দশমিক ৮ শতাংশ, যা ২০১১ সালে ছিল ৯৪ দশমিক ৯ শতাংশ। ২০১৩ সালে এই হিসাব নির্ধারণের কাজ শেষ হয়নি।শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান জানান, রাজউকের আওতাধীন এলাকায় অননুমোদিতভাবে ও অনুমোদনের ব্যত্যয় করে এবং বিল্ডিং কোড অমান্য করে নির্মিত আট হাজার স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।এইচ এম গোলাম রেজার প্রশ্নের জবাবে আবদুল মান্নান খান জানান, রাজধানীতে বর্তমানে পরিত্যক্ত বাড়ির সংখ্যা ছয় হাজার ৪৬৭টি। এসব বাড়ি লিজ দিয়ে গত মে মাস পর্যন্ত সরকার আয় করেছে ১৬ কোটি ১৮ লাখ ৭২ টাকা। আর বকেয়া আছে ২৪ কোটি ২১ লাখ দুই হাজার টাকা। ১০৬টি বাড়ি অবৈধ বসবাসকারীদের দখলে রয়েছে। ৯৯৯টি বাড়ির বিপরীতে মামলা চলছে।