যৌন নিপীড়নে অভিযুক্ত শান্তিরক্ষীর পুরো দল ফেরত পাঠানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মিশনে অংশ নেওয়া শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে ওই রক্ষীদের পুরো দলটিকে (ইউনিট) নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই বিধান রেখে গত শুক্রবার একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
এই প্রস্তাব পাস হওয়ার ফলে কোনো দেশ যদি যৌন নিপীড়নে অভিযুক্ত সেনাসদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তবে জাতিসংঘের মহাসচিব ওই দেশ থেকে শান্তিরক্ষী নেওয়া বন্ধ করেও দিতে পারবেন।
সাম্প্রতিক সময়ে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রসহ কয়েকটি দেশে শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নেওয়া হলো।
জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান গতকাল শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এতে বাংলাদেশের জন্য কোনো সমস্যা তৈরি করবে বলে মনে করি না। বাংলাদেশের কোনো সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এলেই তা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’
যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্যদেশ সমর্থন করে। মিসর ভোট দেওয়া থেকে বিরত ছিল। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্তা পাওয়ার নিরাপত্তা পরিষদে বলেন, ‘যৌন নিপীড়নে অভিযুক্ত বিদেশি সেনাদের শান্তিরক্ষা মিশনে থাকার কোনো অধিকার নেই।’
নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করা হলে রাশিয়া, মিসর ও সেনেগাল জানায়, প্রস্তাবটিতে সামষ্টিক শাস্তির ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু এ ধরনের অপরাধের ক্ষেত্রে দায়ী ব্যক্তির বিচারের ওপর জোর দেওয়া উচিত। মিসর প্রস্তাবে কিছু সংশোধনী যোগ করার প্রস্তাব দেয়। রাশিয়া, চীন, অ্যাঙ্গোলা ও ভেনেজুয়েলা ওই সংশোধনী প্রস্তাবে সমর্থন জানায়। তবে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি গ্রহণ করা হয়।
মিসরের রাষ্ট্রদূত আমর আবদেল লতিফ আবুলাত্তা বলেন, এই প্রস্তাব শান্তিরক্ষীদের মনোবলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৫ সালে সংঘটিত ৯৯টি যৌন নির্যাতনের অভিযোগ গত সপ্তাহে জাতিসংঘে জমা হয়েছে। এর মধ্যে শুধু ১০টি মিশনে অভিযোগ ছিল ৬৯টি। ২০১৪ সালে এমন অভিযোগের সংখ্যা ছিল ৫২টি। অভিযোগ ওঠা শান্তিরক্ষীদের তালিকায় রয়েছেন সামরিক সদস্য, পুলিশ, অন্যান্য কর্মী ও স্বেচ্ছাসেবক।