যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের এক শিক্ষককে বিভাগের সব শিক্ষা কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।অভিযুক্ত শিক্ষক হলেন বিভাগের সহযোগী অধ্যাপক আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ। বিভাগের প্রথম সেমিস্টারের এক ছাত্রীর আনা লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।গত বৃহস্পতিবার বিভাগের চেয়ারম্যানের কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেছেন, গত সোমবার সকাল সাড়ে নয়টায় তিনি ও তাঁর বান্ধবী ওই শিক্ষকের কক্ষের সামনে কথা বলছিলেন। আকস্মিকভাবে ওই শিক্ষক তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। একজন শিক্ষকের এমন আচরণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং মর্মাহত হয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম খান বলেন, একাডেমিক কমিটির বৈঠক শুরু হওয়ার পর বিভাগের বিভিন্ন বর্ষের ৯৪ জন শিক্ষার্থী বৈঠকে উপস্থিত হন। এ সময় তাঁরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলেন।বিভাগের চেয়ারম্যান মুহসীন উদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, ছাত্রীর অভিযোগ ও তাঁর বান্ধবীর সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে বিভাগের ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।তবে অভিযুক্ত শিক্ষক আবু মুসা মো. আরিফ বিল্লাহ বলেন, রাজনৈতিক উদ্দেশে তাঁর চরিত্র হননের জন্য বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনেছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, ওই দিন সকাল নয়টায় বিভাগে গিয়ে দেখেন দুজন ছাত্রী তাঁর কাছ থেকে আগের ক্লাসের পড়া বুঝে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। তাঁদের নিয়ে চারতলায় নিজের কক্ষে গিয়ে দেখেন আরেক সহকর্মী সেখানে তাঁর শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। এ অবস্থায় বারান্দায় দাঁড়িয়েই তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলেন। ছাত্রীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, সেদিন বাইরে বৃষ্টি হওয়ায় শাহবাগ থেকে আসার সময় পা ভিজে গিয়েছিল। এ জন্য কথা বলার একপর্যায়ে হঠাৎ তাঁর পা পিছলে যায়। এ সময় ভারসাম্য রক্ষার জন্য তিনি ছাত্রীর দিকে হাত বাড়ান।