ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
যৌন নিপীড়নের অভিযোগে একজন অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত চলছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত করছে উচ্চপর্যায়ের তথ্যানুসন্ধান কমিটি। একই বিভাগের মাস্টার্সের এক ছাত্রী তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।অভিযোগের পর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাডেমিক কমিটি ওই শিক্ষককে একাডেমিক কাজ থেকে অব্যাহতি দিয়েছে। তবে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি গিয়াসউদ্দিন মোল্লা পুরো ঘটনা ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের কাছে ২৪ ডিসেম্বর দেওয়া লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্লা পড়াশোনার কথা বলে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন। একপর্যায়ে বই নেওয়ার কথা বলে কক্ষে নিয়ে তাঁকে যৌন নিপীড়ন করেন। বাবার মতো একজন শিক্ষকের কাছে এমন আচরণ অপ্রত্যাশিত। তাই বাধ্য হয়ে লিখিত অভিযোগ করতে হলো। ওই ছাত্রী গিয়াসউদ্দিন মোল্লার যথাযথ বিচারও দাবি করেন।রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর অভিযোগের পর পরই চলতি মাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাডেমিক কমিটির জরুরি বৈঠক বসে। বৈঠকে এ ধরনের অভিযোগ ওঠায় একাডেমিক কমিটি থেকে অভিযুক্ত শিক্ষককে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। ১৯৯৯ সালে একই ধরনের অভিযোগে ইউরোপের একটি বিশ্ববিদ্যালয় থেকে গিয়াসউদ্দিনকে বহিষ্কার করা হয়েছিল বলে এই বিভাগ সূত্রে জানা গেছে।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, কয়েকজন শিক্ষকের কারণে বারবার এই বিভাগের দুর্নাম হচ্ছে। কিন্তু কোনোবারই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় না। তাই বারবার একই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শওকত আরা হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করেছি। ওই ছাত্রীর লিখিত অভিযোগ পাওয়ার পর একাডেমিক কমিটির বৈঠক করে তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা নেই। এর বেশি কিছু বলতেও চাই না।’এ বিষয়ে জানতে চাইলে গিয়াসউদ্দিন মোল্লা উত্থাপিত অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং তিনি নোংরা রাজনীতির শিকার বলে জানান। তিনি বলেন, ‘আমি রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি হওয়ায় একটি মহল অখুশি হয়েছে। তারাই ষড়যন্ত্র করছে। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থী অনার্সে প্রথম শ্রেণী পায়নি। তাদের অভিযোগ, আমার কোর্সে নম্বর কম পাওয়ায় তারা বঞ্চিত হয়েছে। এমন একজন ছাত্রীকে দিয়েই মিথ্যা অভিযোগ করা হয়েছে।’উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর এ ধরনের অভিযোগের মুখে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান আফজাল হোসেন পদত্যাগ করেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ওঠা নারী নির্যাতন, নিপীড়ন ও যৌন হয়রানির যেকোনো অভিযোগের ঘটনা খতিয়ে দেখতে পাঁঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির কোনো অভিযোগ পেলে তা পরীক্ষা-নিরীক্ষা করে তথ্য সংবলিত প্রতিবেদন তৈরি ও সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে।কমিটির আহ্বায়ক অ্যাটর্নি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মাহবুবে আলম। অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিন্ডিকেট সদস্য এ এফ এম মেজবাহউদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিন্ডিকেট সদস্য সৈয়দ রেজাউর রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য তাজমেরী এস এ ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সূত্রে জানা গেছে, এই কমিটিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ জানানো হয়েছে। তবে এই কমিটি এখনো কোনো বৈঠক করেনি। বিষয়টি নিয়ে জানতে চাইলে রেজাউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগটি আমরা জানি।’