যৌন নিপীড়নের অভিযোগে বগুড়ার সেই শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত
বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলামকে যৌন নিপীড়নের অভিযোগে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৭ এপ্রিল তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।অভিযোগ থেকে জানা গেছে, শিক্ষক সাইফুল শহরের জলেশ্বরীতলা এলাকায় দুই কক্ষ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের কোচিং করান। কোচিং সেন্টারে বগুড়া শহরের বেশ কয়েকটি নামী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়ে। স্থানীয় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীও সেখানে পড়ত। গত ২৪ মার্চ ক্লাস শেষে শিক্ষক সাইফুল ওই ছাত্রীকে পড়া বুঝে দেওয়ার কথা বলে অপেক্ষা করতে বলেন এবং অন্য শিক্ষার্থীদের বিদায় করে দেন। অন্য শিক্ষার্থীরা চলে যাওয়ার পর তিনি ওই ছাত্রীর ওপর যৌন নিপীড়ন চালান। বিষয়টি ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানতে পেরে জলেশ্বরীতলা এলাকার কয়েকজন যুবককে জানান। ২৯ মার্চ সন্ধ্যায় ওই যুবকেরা কোচিং সেন্টারে গিয়ে শিক্ষক সাইফুলকে আটক করে মারধর করেন। একপর্যায়ে ওই শিক্ষক তাঁর অপকর্মের জন্য ভুল স্বীকার করলে যুবকের দল তাঁকে মেয়েটির বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে শিক্ষক সাইফুল মেয়েটির পরিবারের কাছে ক্ষমা চান এবং এমন অপকর্ম আর হবে না বলে মুচলেকা দেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর কলেজ অধ্যক্ষ ওই শিক্ষককে এক সপ্তাহের ছুটি দেন। কিন্তু বিষয়টি কলেজ পরিচালনা পর্ষদের তৎকালীন সভাপতি ও বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানতে পেরে শিক্ষক সাইফুলকে এক মাসের বাধ্যতামূলক ছুটি দিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভা বসে। বগুড়ার পুলিশ সুপার ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সভায় শিক্ষক সাইফুলকে স্থায়ী বরখাস্তের সিদ্ধান্ত হয়।