যৌন নিপীড়নের বিচার চেয়ে জাবির সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক আবদুল্লাহ হেল কাফির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত ও সুষ্ঠু বিচারসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক প্রাক্তন শিক্ষার্থীসহ দুজন শিক্ষক অংশ নেন।মানববন্ধনে ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের দায়ে আরেক অভিযুক্ত শিক্ষক ছানোয়ার হোসেনের বিচারের দাবিতে আন্দোলনের সময় বহিষ্কৃত চার শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, যৌন নিপীড়নবিরোধী নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি তুলে ধরা হয়। পরবর্তী কর্মসূচি হিসেবে জনমত তৈরির জন্য দেশের মানবাধিকারকর্মী, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হবে বলে প্রাক্তন শিক্ষার্থীরা জানান। তাঁরা বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।