যৌন নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চলমান যৌন নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে গতকাল রোববার এ কর্মসূচি পালন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নতুন কলা ভবন-সংলগ্ন মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দেশে অসংখ্য শিশু যৌন নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে বড় হচ্ছে। কিন্তু নিপীড়নের ঘটনা প্রকাশিত হলে আরও বড় ধরনের সামাজিক বিপর্যয়ের মুখে পড়তে হবে। সেই ভয়ে অনেকে বিষয়গুলো প্রকাশ করতে চান না। কিন্তু নিপীড়নের জগতে এই নীরবতা ভাঙাই হচ্ছে বড় লড়াই। তিনি আরও বলেন, যৌন সহিংসতার সঙ্গে ক্ষমতার সম্পর্ক রয়েছে। যারা বিভিন্ন দিক থেকে ক্ষমতার সঙ্গে সম্পর্কিত—যেমন অবৈধ টাকার মাধ্যমে, ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্কের মাধ্যমে বা সামাজিক প্রভাব-প্রতিপত্তির কারণে—এই সব ক্ষমতাবানের যে বেপরোয়া মনোভাব, মানুষের প্রতি অসম্মানের মানসিকতা, তার কারণেই নিপীড়নের ঘটনা ঘটে। আর নিপীড়নের বহিঃপ্রকাশ হচ্ছে ধর্ষণ।
সমাবেশে আরও বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মির্জা তাসলিমা সুলতানা, দর্শন বিভাগের অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক খন্দকার হালিমা আখতার।
বেলা পৌনে একটায় ব্যবসায় শিক্ষা অনুষদ-সংলগ্ন মুন্নী চত্বরে একই ব্যানারে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি অলিউর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহাথির মুহাম্মদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা যৌন নিপীড়নের বিরুদ্ধে রাজনৈতিক-সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।