যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে যৌন নিপীড়নের শিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর সেই ছাত্রীর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিপীড়নের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় শিশুটির বাবাকে গতকাল রোববার ভোরে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। কুলিয়ারচর থানা পুলিশ জানায়, ওই ঘটনায় গতকাল সকালে কুলিয়ারচর থানায় দুটি মামলা হয়েছে। যৌন নিপীড়নের শিকার শিশুটির মা বাদী হয়ে প্রধান শিক্ষককে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অপরদিকে বাড়িঘর পোড়ানোর অভিযোগে মামলা করেন প্রধান শিক্ষকের স্ত্রী। এই মামলায় শিশুটির বাবাসহ ১২ জনকে আসামি করা হয়েছে।উভয় মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আশরাফুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শিশুটির জবানবন্দি রেকর্ড করেছেন আদালত।প্রথম শ্রেণীর ওই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গত শনিবার গ্রামবাসী প্রধান শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে শিক্ষকের দুটি বসতঘর পুড়ে যায়। রাতে তাঁকে আটক করা হয়।