যৌন নিপীড়নের শিকার হয়ে ছাত্রীনিবাস ছাড়ছে মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়ার বাহাদুরপুর নিশিকান্ত গাইন গার্লস স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন ছাত্রী ছাত্রীনিবাস ত্যাগ করেছে বলে খবর পাওয়া গেছে। কলেজের অধ্যক্ষ ও চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর বিরুদ্ধে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগ তুলেও কোনো প্রতিকার না পেয়ে তারা ছাত্রীনিবাস ছাড়তে বাধ্য হয়েছে বলে জানা গেছে।এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে যাত্রা শুরু করে। আর কলেজ শাখা অনুমোদন পায় ১৯৯৭ সালে। ষষ্ঠ শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় এখানে। ছাত্রীসংখ্যা প্রায় সাড়ে পাঁচ শ। প্রতিষ্ঠানের একমাত্র ছাত্রীনিবাসের ইনচার্জ সুজাতা রানী দাস জানান, ২০০৯ সালের জানুয়ারিতে ছাত্রীনিবাসে ৬০ জন ছাত্রী ছিল। বর্তমানে আছে ১২ জন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী অভিযোগ করে, কলেজের অফিস সহকারী কাম নৈশপ্রহরী দিগ্বিজয় মিস্ত্রী দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন নিপীড়ন করছেন। কোনো ছাত্রী প্রতিবাদ করলে তার নামে নানা কথা রটিয়ে তাকে হল ছাড়তে বাধ্য করা হয়। বিক্ষুব্ধ ছাত্রীরা দিগ্বিজয়ের শাস্তি ও বহিষ্কারের দাবিতে একাধিকবার বিক্ষোভ করেছে।নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে কলেজের এক ছাত্রীর বাবা জানান, অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদারের বিরুদ্ধেও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ আছে। বিষয়টি বিভিন্ন সময় কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।জানা গেছে, ছাত্রী ও অভিভাবকদের চাপে দিগ্বিজয়ের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গত বছরের মার্চে একটি তদন্ত কমিটি গঠন করেন অধ্যক্ষ নির্মল চন্দ্র। আট সদস্যের ওই কমিটির প্রধান করা হয় কলেজের শিক্ষিকা অনিমা রানীকে। ওই বছরের ৯ মে অধ্যক্ষের কাছে প্রতিবেদন দাখিল করে কমিটি। কমিটির আট সদস্যের মধ্যে সাতজন এতে স্বাক্ষর করেন। কিন্তু অধ্যক্ষ এখনো পর্যন্ত প্রতিবেদনটি প্রকাশ করেননি।তদন্ত কমিটির প্রধান অনিমা রানী প্রথম আলোকে জানান, তদন্তে দিগ্বিজয়ের বিরুদ্ধে যৌন নিপীড়নের একাধিক প্রামাণ পাওয়া গেছে। ২০০৯ সালের ২৫ এপ্রিল রাতে স্কুল শাখার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কক্ষে একা পেয়ে যৌন নিপীড়ন করেন দিগ্বিজয়। ওই বছর মার্চ মাসে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুই ছাত্রীর ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন দিগ্বিজয়। এ ছাড়া তিনি অপর এক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।কলেজের পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ গাইন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে দিগ্বিজয়ের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু অধ্যক্ষ তাঁর বেতন-ভাতা আবার চালু করেছেন।সুভাষ গাইন আরও জানান, ছাত্রী ও অভিভাবকেরা একাধিকবার দিগ্বিজয়ের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। তার পরও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে অধ্যক্ষ বরং তাঁকে সহযোগিতা করছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের চাপের মুখে দিগ্বিজয় কলেজে আসতে না পারলেও অধ্যক্ষ তাঁর বাড়িতে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর আনেন। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এত ঘটনার পরও অধ্যক্ষ কেন দিগ্বিজয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, সেটা রহস্যজনক।তবে অভিযুক্ত দিগ্বিজয় ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।’নিজের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার। দিগ্বিজয়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘দিগ্বিজয় ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তি হওয়ায় নিজের চাকরি বাঁচাতে তাঁর বাড়িতে গিয়ে স্বাক্ষর এনে বেতন দেওয়ার ব্যবস্থা করতে বাধ্য হয়েছি।’