পয়লা বৈশাখের যৌন নির্যাতন ও একের পর এক ব্লগার হত্যার ঘটনা সরকারের ইচ্ছাতেই ঘটতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন লেখক-শিল্পী-শিক্ষক-রাজনৈতিক নেতা।
গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে পয়লা বৈশাখে যৌন নিপীড়ন ও এই ঘটনার প্রতিবাদকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ অভিযোগ করা হয়।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল বলেন, ঘটনাগুলো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মেনে হচ্ছে। একটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য দ্রুতই আরেকটি ঘটনা ঘটে যাচ্ছে।
আহমেদ কামাল বলেন, অবস্থা এমন হয়েছে যে বিচারালয় আছে, কিন্তু বিচার নেই। সংসদ আছে, বিরোধী দল নেই। পুলিশ আছে, আইনশৃঙ্খলা নেই। এমনকি রাষ্ট্রপতি বলছেন তাঁর কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আছে একজনেরই, তিনি প্রধানমন্ত্রী। এটা না ভাঙতে পারলে কারও মুক্তি নেই।
অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জেনেশুনেই পয়লা বৈশাখের যৌন-সন্ত্রাসীদের ধরা থেকে পিছিয়ে এসেছে। আজকে যারা যৌন-সন্ত্রাসী, তাদেরই হয়তো আগামী দিনে পুলিশ হিসেবে দেখা যাবে। আজ যারা পুলিশ, তাদেরও অনেকেই হয়তো অতীতে যৌন-সন্ত্রাসী ছিল। ক্রসফায়ার করা এবং সাধারণ মানুষকে নির্যাতনের জন্য তো বিদেশ থেকে টাকা এনে পুলিশের প্রশিক্ষণ দেওয়ার দরকার নেই।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার হত্যাকাণ্ড চলতে দিয়ে মসনদ দখলে রাখতে চায়। ক্ষমতা দীর্ঘ করতে পুলিশকে যেকোনো কিছু করার লাইসেন্স দেওয়া হয়েছে। বাংলাদেশকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। এ অবস্থার পরিবর্তন করতে হলে এখন সরকার সম্পর্কে একটা সিদ্ধান্তে আসতে হবে নাগরিকদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন বলেন, তিন স্তরের নিরাপত্তা ভেদ করে অভিজিৎ রায়কে হত্যা করা যায়। হত্যাকারীরা তালিকা ধরে হত্যায় মেতে ওঠে। এর পরও রাষ্ট্র প্রস্তুত নয়। নাগরিকদেরও কি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই? এভাবে বসে না থেকে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
নারীনেত্রী খুশী কবির বলেন, পয়লা বৈশাখে যৌন হয়রানিতে জড়িতদের না ধরে কী মাত্রায় হয়রানি হয়েছে, সেটা খোঁজা যদি উদ্দেশ্য হয়, তাহলে বলতে হবে এর সঙ্গে সরকার জড়িত। মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এসব যৌন সন্ত্রাস ও নানা হত্যা হচ্ছে কি না, দেখা দরকার।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন ফাহমিদুল হক, তানজিম উদ্দিন খান, শ্যামলী শীল, জ্যোতির্ময় বড়ুয়া, সেলিনা আহমেদ, রাখাল রাহা প্রমুখ।