যৌন নির্যাতন প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা মানা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন নির্যাতন প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা মানা হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রোটেকটিং হিউম্যান রাইটস কর্মসূচির প্রকল্প সমন্বয়ক রেহানা সুলতানা।

রেহানা সুলতানা বলেন, যৌন নির্যাতনের প্রতিকার ও প্রতিরোধে ২০০৯ সালে হাইকোর্ট গাইডলাইন বা নির্দেশমালা দেন। আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী এ নির্দেশনাই আইন হিসেবে কাজ করবে। তবে এই নীতিমালা মানা হচ্ছে না। নজরদারিরও ব্যবস্থা নেই।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় হাইকোর্টের নির্দেশনা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে মূল প্রবন্ধ পাঠ করার সময় রেহানা সুলতানা এসব কথা বলেন। দাতা সংস্থা ইউএসএইডের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাস্তবায়িত মানবাধিকার রক্ষাবিষয়ক কর্মসূচির আওতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মূল প্রবন্ধে রেহানা সুলতানা বলেন, বিএনডব্লিউএলএ ২০০৮ সালে জনস্বার্থে হাইকোর্টে একটি মামলা করে। এরপর হাইকোর্ট নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি একটি শাস্তিযোগ্য অপরাধ।

সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রের জন্য এ নীতিমালা প্রযোজ্য। নীতিমালা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট অভিযোগ কমিটি গঠন করার কথা। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানেই এ ধরনের কমিটি গঠন করা হয়নি। আবার কমিটি গঠন করা হলেও বেশির ভাগ ক্ষেত্রেই তা কার্যকর নয়। এ ছাড়া জনস্বার্থ মামলায় প্রতিপক্ষদের রায় প্রয়োগের কার্যকারিতা–সম্পর্কিত প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়ার আদেশ থাকলেও তা প্রতিপক্ষরা মানছে না।


সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। যৌন নির্যাতনকে অনেক বিশ্ববিদ্যালয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। তার পরও ঢাকা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের ঘটনা ঘটেই চলছে। শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও হাইকোর্টের নির্দেশনা বা যৌন নির্যাতনের বিষয়ে সচেতন নন। গ্রামীণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবস্থা আরো খারাপ। তাই গ্রামীণ এলাকায় নজর দিতে হবে। তিনি বলেন, যৌন নির্যাতন প্রতিরোধে সবার মানসিকতার পরিবর্তন করতে হবে।


বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, আইন কমিশন এবং বিএনডব্লিউএলএ ২০১০ সালে যৌন হয়রানি প্রতিরোধে একটি আইনের খসড়া করে আইন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে জমা দিলেও তা আর আলোর মুখ দেখেনি। কারণ মহিলা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বলেছে, দেশে অনেক আইন আছে, নতুন আইনের প্রয়োজন নেই। বিএনডব্লিউএলএ আবার আইনের খসড়া নিয়ে কাজ শুরু করেছে।


মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি প্রসঙ্গে এ কে আজাদ চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের প্রজ্ঞাপন জারি লজ্জাজনক। যৌন নির্যাতনের শিকার হয়ে ১৫ বছরের মেয়ে থেকে শুরু করে অনেকেই আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এ নির্যাতন মেয়েদের মেরে ফেলছে। তাই এ ধরনের ‘ক্রিমিনাল অফেন্স’ প্রতিরোধ বা প্রতিকারে পূর্ণাঙ্গ আইন থাকা প্রয়োজন।


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, দিন দিন যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। অনেকে মেয়েদের বাল্যবিয়ে দিতে বাধ্য হচ্ছেন। পড়াশোনাও বন্ধ করে দেওয়া হচ্ছে অনেকের। এ ধরনের নির্যাতন প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রের প্রধানদের সচেতন করতে হবে।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটির আহ্বায়ক রাশেদা আখতার বলেন, অনেকেরই ধারণা, এ ধরনের কমিটিতে মেয়েরা অভিযোগ করলে শুধু ছেলেদেরই শাস্তি দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কমিটির কাছে মিথ্যা অভিযোগ করলে সেই ছাত্রীকেই বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছে।


বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা বলেন, গণমাধ্যমে নারী সাংবাদিকদের অনেকেই প্রতিষ্ঠানের ভেতরে যৌন নির্যাতনের শিকার। তবে চাকরি চলে যাওয়ার ভয়ে তাঁরা তা প্রকাশ করেন না। বেশির ভাগ গণমাধ্যমই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিযোগ কমিটি গঠন করেনি।


আইন কমিশনের সদস্য শাহ আলম বলেন, খসড়াকে আইনে পরিণত করার জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। 


সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, দাতাগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।