যৌন সন্ত্রাসী রুখতে প্রতিরোধ কমিটি গঠনের ডাক
যৌন সন্ত্রাসী চক্রকে সংঘবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে নারী সংহতি। এ জন্য পাড়া-মহল্লায় ও বিভিন্ন ধরনের প্রতিরোধ কমিটি গঠনেরও ডাক দিয়েছে সংগঠনটি।
রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে গতকাল শুক্রবার বিকেলে নারী সংহতি আয়োজিত প্রতিবাদী সমাবেশে এই দাবি জানানো হয়।
সমাবেশে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘নারীর যৌন নিপীড়নের সঙ্গে পুরুষ জড়িত। কিন্তু নির্যাতিত এই নারী কারা? তাঁরা তো আমাদেরই কোনো না কোনো পুরুষের বোন, মা, বন্ধু, স্বজন।’ তিনি বলেন, শুধু বখাটেরাই নির্যাতন করে তা নয়, সুশিক্ষিত লোকজন কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরাও নির্যাতনের সঙ্গে জড়িত। এমন নিষ্ঠুর পরিস্থিতিতেও রাষ্ট্র-সমাজ নির্বিকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, যৌন নির্যাতনের সব খবর গণমাধ্যমে আসে না। অনেকেই ভয়ে বা লজ্জায় এসব খবর প্রকাশ করে না। এই মানসিকতা বদলানো দরকার।
সমাবেশে সভাপতিত্ব করেন নারী সংহতির সভাপতি শ্যামলী শীল। তিনি বলেন, ‘নারী নির্যাতন বন্ধে পাড়া-মহল্লায়, সব প্রতিষ্ঠানে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে।’
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, নির্যাতন বন্ধে আইন আছে। কিন্তু আইনের প্রয়োগ নেই। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, রাষ্ট্র-সরকার সংঘবদ্ধভাবে যৌন সন্ত্রাসীদের রক্ষা করার চেষ্টা করছে।
সমাবেশে আরও বক্তব্য দেন সংস্কৃতিকর্মী অমল আকাশ ও সংগীতশিল্পী অরূপ রাহী। সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম আকাশ, সংগীতশিল্পী কৃষ্ণকলি ইসলাম, অভিনয়শিল্পী বন্যা মির্জা, নারী উদ্যোক্তা তাসলিমা মিজি, আন্দোলনকর্মী ও শিক্ষক সঙ্গীতা ইমাম, আকরামুল হক প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা দেব।
সমাবেশ শেষে একটি মশাল মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। মিছিলটি শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।