যৌন সহিংসতার শিকার নারীদের বিব্রতকর প্রশ্ন করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার (ভিকটিম) নারী ও কন্যাশিশুর জন্য মানহানিকর প্রশ্ন করা থেকে আসামিপক্ষের আইনজীবীকে বিরত থাকতে হবে। এমন কোনো প্রশ্ন করা যাবে না, যাতে ভুক্তভোগী বিব্রত হন এবং এ বিষয়টি নিশ্চিত করবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার নারী ও শিশুদের মেডিকোলিগ্যাল (ডাক্তারি) পরীক্ষা ও চিকিৎসা বিষয়ে যে খসড়া নীতিমালা তৈরি হয়েছে, তাতে এসব বিষয়ের উল্লেখ আছে। এখন ১৮৭২ সালের সাক্ষ্য আইনের ১৫৫ ধারার ৪ উপধারার মাধ্যমে ধর্ষণের অভিযোগ প্রমাণ করা হয়, যেখানে ধর্ষণের শিকার নারীর চরিত্র এবং অতীত ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা যায়।

বিদ্যমান পরিস্থিতিতে এবং নারী অধিকার ও মানবাধিকারকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আদালত এ-সংক্রান্ত একটি খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে। বর্তমানে তা আদালতে চূড়ান্ত শুনানির অপেক্ষায় আছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর সরকারি কৌঁসুলি (পিপি) আলী আসগর তাঁর অভিজ্ঞতায় প্রথম আলোকে বলেন, আদালতে কিছু আইনজীবী ‘ধর্ষক আপনার শরীরের ওপর কতক্ষণ ছিলেন’—এমন প্রশ্ন জিজ্ঞাসা করেন। তাঁরা ভুক্তভোগীর চরিত্র কতটা খারাপ, তা প্রমাণে মরিয়া হয়ে যান।

খসড়া নীতিমালায় আইন প্রয়োগকারী সংস্থার করণীয় হিসেবে বলা হয়েছে, ভুক্তভোগী (হত্যার শিকার হলেও) এবং তার পরিবার সম্পর্কে মর্যাদাহানিকর কোনো অভিমত বা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। ছবি তোলার কারণ বুঝিয়ে বলে ভিকটিমের সম্মতি নিয়ে ছবি তুলতে হবে।

  খসড়ায় আরও বলা হয়, ধর্ষণ ও যৌন সহিংসতার পর শারীরিক পরীক্ষা করতে ভিকটিম রাজি হলে তাঁর সম্মতিপত্র পূরণ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। শারীরিক পরীক্ষার সময় ভিকটিমের সঙ্গে অবশ্যই নারী পুলিশ পাঠাতে হবে। নারী পুলিশ না থাকলে শিশুর অভিভাবক, ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার বা বেসরকারি সংস্থার একজন নারী প্রতিনিধিকে পাঠাতে হবে। ডাক্তারি পরীক্ষার সময় ভুক্তভোগীর যথাযথ গোপনীয়তা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভিকটিমের মেডিকোলিগ্যাল পরীক্ষা করার স্থানে গোপনীয়তা রক্ষা করা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করতে হবে।

মামলা করতে পদে পদে বিড়ম্বনা

বিদ্যমান আইনে ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার নারী ও শিশুদের ডাক্তারি পরীক্ষার সময় পদে পদে পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা আর অপমান। ভুক্তভোগী এক নারী রাজধানীর মিরপুর থানায় গত ২৪ আগস্ট শ্বশুরের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। তিনি বলেন, শ্বশুর ধর্ষণের চেষ্টা করেছেন, মারধরও করেছেন। কিন্তু প্রথমে থানা মামলা নিতে নারাজ। তিনি বলেন, ‘পুলিশ উল্টো ধমক দিয়ে বলল, আমি নাকি মিথ্যা কথা বলছি। প্রায় ৪৪ ঘণ্টা পর থানা মামলা নেয়। এই সময়ের মধ্যে তারা হাসাহাসি করাসহ থানায় আমাকে নানা রকম হয়রানি করেছে।’

চলতি বছরের মে মাসে বনানী থানায় ধর্ষণের মামলা করতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে টানা ৪৮ ঘণ্টা যুদ্ধ করতে হয়। থানার পর ডাক্তারি পরীক্ষা এবং আদালতেও ভুক্তভোগীকে প্রমাণ করতে হয় তিনি ধর্ষণ বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। ভুক্তভোগী একাধিক নারী প্রথম আলোকে বলেছেন, এসব প্রক্রিয়ার প্রায় প্রতিটি ধাপেই তাঁদের শুনতে হয়েছে বাজে মন্তব্য।

খসড়া নীতিমালার প্রেক্ষাপট

২০১৩ সালের ৯ অক্টোবর নারী ও শিশুর স্বাস্থ্য পরীক্ষায় তথাকথিত ‘দুই আঙ্গুলি পরীক্ষা’ কেন আইনানুগবহির্ভূত এবং অবৈধ ঘোষণা করা হবে না, তা নিয়ে রুল দেন হাইকোর্ট। দুই আঙুলের মাধ্যমে ধর্ষণ পরীক্ষা পদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট—ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন, নারীপক্ষসহ দুই চিকিৎসক এই রিট আবেদনটি করেন। রুল দেওয়ার পাশাপাশি এ বিষয়ে একটি নীতিমালা তৈরির নির্দেশ দেন। ২০১৪ সালের মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিকনির্দেশনা তৈরি করা হয়।

২০১৬ সালের আগস্ট মাসে হাইকোর্ট ঢাকা মেডিকেল কলেজের সাবেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুজ্জামান চৌধুরীসহ পাঁচজন বিশেষজ্ঞের কাছ থেকে দুই আঙুলি পরীক্ষার (টু ফিঙ্গার টেস্ট) বিভিন্ন দিক সম্পর্কে মতামত নেন। অধ্যাপক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভিকটিমের সঙ্গে এখন পর্যন্ত বেশির ভাগ ক্ষেত্রে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়। তাই আদালত নীতিমালা করার নির্দেশ দিয়েছেন। গত জুলাই মাসে আদালতে খসড়া নীতিমালাটির শুনানি হয়েছে। আদালত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পর্যালোচনা কমিটির তৈরি খসড়ায় কী কী পার্থক্য আছে, তা জানতে চেয়েছেন। অক্টোবরে আদালতের চূড়ান্ত শুনানি হওয়ার সম্ভাবনা আছে।’

খসড়া নীতিমালা অনুযায়ী, ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারী ও শিশুকে (ভিকটিম) প্রথমে নিবন্ধিত চিকিৎসক, হাসপাতালে অথবা পুলিশ স্টেশনে যেতে হবে। যেখানেই যাক, সেখান থেকেই আইনি পদক্ষেপ নেওয়া শুরু করতে হবে।

তবে অধ্যাপক হাবিবুজ্জামান চৌধুরীর মতে, নীতিমালা হলে তা সঠিক পথ দেখাতে পারবে। তবে শুধু নীতিমালা দিয়েই সার্বিক পরিবেশের বদল ঘটানো সম্ভব নয়। তাঁর মতে, এ ধরনের ঘটনার শিকার নারী-শিশুদের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে
হবে এবং চিকিৎসক, পুলিশ, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ, প্রয়োজনে বাধ্য করতে হবে।