যৌন হয়রানি রোধে অভিযোগ কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের নির্দেশের পাঁচ বছর পর গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন রোধে কমিটি করা হয়েছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ কমিটি করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি থাকলেও তা ছিল অকার্যকর।

২০০৯ সালের ১৪ মে বিশ্ববিদ্যালয়গুলোকে যৌন হয়রানি রোধে কমিটি করার নির্দেশ দেন উচ্চ আদালত। তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ই এ নির্দেশ বাস্তবায়ন করেনি।

এ বিষয়ে গত ২৭ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘যৌন হয়রানি প্রতিরোধ, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে কাগুজে কমিটি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানি রোধে যে কমিটি, তা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী হয়নি। পাঁচ সদস্যের কমিটিতে নারীর সদস্য ছিলেন মাত্র একজন।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদকে সভাপতি করা হয়েছে। পাঁচ সদস্যের এই কমিটির বাকি তিন নারী সদস্য হলেন সিনেট সদস্য অধ্যাপক মাহফুজা খানম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আকতার ও মার্কেটিং বিভাগের প্রভাষক আফরীন চৌধুরী। কমিটির অপর সদস্য সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন।

থিয়েটার বিভাগের ঘটনায় তদন্ত কমিটি
সিন্ডিকেট সভায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাময়িকভাবে বরখাস্ত হওয়া অধ্যাপক সাইফুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে অভিযোগ যাচাই করে ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।