যৌন হয়রানির অপরাধ লঘুভাবে দেখা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজে নারীর প্রতি যৌন হয়রানির অপরাধগুলোকে লঘুভাবে দেখা হচ্ছে। এ ধরনের মানসিকতার কারণে নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। এ ধরনের অপরাধ রুখতে আইনের পাশাপাশি সামাজিক আন্দোলনও প্রয়োজন।

আজ বুধবার কারওয়ানবাজারে দৈনিক ইত্তেফাক মিলনায়তনে পাক্ষিক অনন্যা আয়োজিত ‘নারীর জন্য নিরাপদ নগরী’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। পাক্ষিক অনন্যার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গোল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পাক্ষিক অনন্যা’র সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন।
বৈঠকে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, দেশের অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু মানবিক গুণাবলিতে ধস নেমেছে। নৈতিক এ অবক্ষয়ের জন্য রাজনৈতিক সিস্টেম বা পদ্ধতি দায়ী। তাঁর মতে, অপরাধী জানে যে তাদের শাস্তি হবে না। ফলে অপরাধ প্রবণতা বাড়ছে।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক পারভীন হাসান আক্ষেপ করে বলেন, ‘৪০ বছর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, এখন মনে হচ্ছে সবকিছু বিফলে যাচ্ছে।’ তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ব্যাপারে প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তাসমিমা হোসেন বলেন, একজন নারী যৌন হয়রানির শিকার হলে ওই নারী মানসিকভাবে কতটা বিপর্যস্ত হয়ে পড়ে তা সমাজকে উপলব্ধি করতে হবে।
ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, যে অপরাধগুলো করতে কোনো ধরনের অস্ত্র লাগে না সে ধরনের অপরাধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পয়লা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সাধারণ দর্শনার্থীসহ সবাইকে স্ক্যানিং করে ক্যাম্পাস চত্বরে প্রবেশ করিয়েছে। তার পরও এ ধরনের ঘটনা ঘটেছে। তাই নারী নির্যাতন প্রতিরোধে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি, একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রুপা, দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, আইনজীবী ফারিয়া হোসেন প্রমুখ বৈঠকে বক্তব্য দেন।