যৌন হয়রানির অভিযোগে এনজিও কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীকে যৌন হয়রানি করার অভিযোগে বেসরকারি সংস্থার এক কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় ঘটনার শিকার ওই নারী লিখিত অভিযোগ করেন। পুলিশ ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত কর্মকর্তার নাম মোহাম্মদ ফেরদৌস আলম (৬৪)। তিনি মোহাম্মদপুরের লালমাটিয়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ নামের একটি সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান।
ওই নারী বলেন, ২০১১ সালের এপ্রিলে তিনি সংস্থায় চাকরি নেন। তখন থেকেই ফেরদৌস তাঁর সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। জোর করে নাটক-সিনেমা দেখানোর কথা বলে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। এতে রাজি না হলে চাকরিচ্যুতির হুমকি দেন। এ বিষয়ে গত বছরের ৫ ডিসেম্বর সংস্থার নির্বাহী পরিচালকের কাছে তিনি লিখিত অভিযোগ করেন। এ বছর ২৫ ফেব্রুয়ারি নির্বাহী পরিষদের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা না নেওয়ায় ফেরদৌস তাঁকে চাকরি ছেড়ে দেওয়া বা অন্য জায়গায় কম বেতনে স্থানান্তর করে দেওয়ার হুমকি দেন। এরপর বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেন। মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ফেরদৌসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীর অভিযোগ, গ্রেপ্তারের পর সংস্থার লোকজন ফেরদৌসকে বাঁচাতে আপসেরও প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি তা মানেননি। সংস্থার অ্যাডভোকেসি ও তথ্য বিভাগের প্রধান জোসেফ হালদার বলেন, ফেরদৌসকে সংস্থা চাকরিচ্যুত করেছে। ‘ওই নারীকেই চাকরি ছাড়তে হলো কেন?’ জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি চাকরিতে বহাল আছেন।’ অভিযোগকারী নারী বলেন, গতকাল মামলা ও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর সংস্থার লোকজন যোগাযোগ করে চাকরিতে যোগ দেওয়ার কথা বলেছেন।