চিকিৎসা নিতে এসে যৌন হয়রানির ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক্স-রে কক্ষের টেকনোলজিস্ট (যন্ত্রবিদ) মনিরুল ইসলামকে দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, ঘটনায় সরাসরি জড়িত বলে অভিযুক্ত শিক্ষানবিশ টেকনোলজিস্ট নূর হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার এ দুজনের বিরুদ্ধে ওই সাময়িক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে, মনিরুল ইসলামের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে।
আর নূর হোসেনকে বহিষ্কার করে ফৌজদারহাট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তে এই কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। দুই সদস্যের এ কমিটিতে রয়েছেন প্রতিষ্ঠানটির দুই শিক্ষক ইমাম হোসেন ও মাহবুবুল আলম ভূঁইয়া। এর আগে চমেক হাসপাতালের পরিচালক চিঠি দিয়ে নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগের কথা আইএইচটি কর্তৃপক্ষকে জানায়।
আইএইচটির অধ্যক্ষ ও সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, ওই ছাত্রকে সাময়িক বহিষ্কার করে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ৬ জুলাই চমেকের রেডিওলজি বিভাগের এক্স-রে কক্ষে একজন নারী রোগী যৌন হয়রানির শিকার হন। ওই সময় শিক্ষানবিশ টেকনোলজিস্ট নূর হোসেন দায়িত্ব পালন করছিলেন বলে চমেক কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে। তাঁকে ওই দায়িত্ব দিয়ে বাইরে গিয়েছিলেন হাসপাতালের টেকনোলজিস্ট মনিরুল ইসলাম। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গত ৯ জুলাই ওই রোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর ওই দিনই তদন্ত কমটি গঠন করেছিল চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তদন্ত কমিটি যৌন হয়রানির অভিযোগে নূর হোসেনের পাশাপাশি দায়িত্ব অবহেলার জন্য মনিরুল ইসলামকে অভিযুক্ত করে।
চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খোন্দকার শহিদুল গণি বলেন, ‘মনিরুলকে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নিয়োগকর্তা স্বাস্থ্য মহাপরিচালক বরাবরে চিঠি লিখেছি। তাঁর দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়েছি। আর নূর হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অধ্যক্ষকে লিখেছি। এ ধরনের ঘটনা খুবই অবমাননাকর।’