যৌন হয়রানি, ক্ষোভে আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বখাটে টনি আহম্মেদের যৌন হয়রানিতে অতিষ্ঠ হয়ে গত সোমবার এক স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টায় বিষপান করেছে। ছাত্রীটি গত চার দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছে। এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর বাবা গত বুধবার দুপুরে জীববনগর থানায় একটি মামলা করেছেন।থানার ওসি মতিয়ার বলেন, মামলার একমাত্র আসামি উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে টনি আহম্মেদকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। উপজেলার শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে গ্রামের বাড়ি থেকে হেঁটে নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করত। লেখাপড়ায় ভালো হওয়ায় সংসারের অভাব-অনটনের ভেতরও তিনি তার পড়াশোনা বন্ধ করেননি। এদিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াতের পথে বখাটে টনি আহম্মেদ দুই সন্তানের বাবা হওয়ার পরও তাঁর মেয়ের পিছু নেন। টনি দিনের পর দিন তাকে নানাভাবে উত্ত্যক্ত করেন। লোকলজ্জার ভয়ে তিনি বিষয়টি প্রথম প্রথম মুখ বুজে সহ্য করেন। কিন্তু এতে হয়রানি ক্রমে বাড়তেই থাকে। একপর্যায়ে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালেও কোনো লাভ হয়নি; বরং গত রোববার টনি তাঁর সঙ্গে মেয়েকে কোটচাঁদপুর বলুহর বাঁওড়ে যাওয়ার জন্য চাপ দেন। এ কারণে ভয়ে তাঁর মেয়ে গত রোববার বিদ্যালয়ে যায়নি। এতে আরও ক্ষিপ্ত হন বখাটে টনি।প্রতিবেশী সূত্রে জানা যায়, বখাটে টনি গত সোমবার সকাল ১০টার দিকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে প্রথমে তার গায়ে একটি চিঠি ছুড়ে মারেন। চিঠি না নেওয়ায় টনি তাকে অশ্লীল গালাগালের পর শ্লীলতাহানিরও চেষ্টা করেন। এতে অপমানিত হয়ে রাগে-ক্ষোভে মেয়েটি বিষপান করে। বিষপানের পর তাকে জরুরিভাবে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেই থেকে সেখানে চিকিৎসাধীন রয়েছে।জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু অর্থাভাবে মেয়েটির দরিদ্র বাবা তা পারছেন না।