যৌন হয়রানি, মাদক সেবন ও বিক্রির দায়ে সাতজনের দণ্ড
ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুরের শিবচর, কিশোরগঞ্জের নিকলী, ফরিদপুরের বোয়ালমারী ও বরগুনার আমতলীতে যৌন হয়রানি ও মাদক ব্যবসা ও সেবন করার দায়ে গত তিন দিনে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলার নুনগোলা গ্রামের মাইনুল ইসলামের ছেলে মো. কাজল (১৯) পাশের প্রসাদপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত সোমবার ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানানোর পর শিক্ষকেরা ওই দিনই রহনপুর পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ গত বৃহস্পতিবার কাজলকে গ্রেপ্তার করে। পরে ইউএনও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রবিউল ফয়সাল তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। শিবচর (মাদারীপুর): বৃহস্পতিবার বিকেলে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে একই এলাকার আবদুল জলিল মিয়া (৩০) উত্ত্যক্তের একপর্যায়ে জুতাপেটা করেন। এ ব্যাপারে ছাত্রীর মা পরদিন শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ জলিলকে গ্রেপ্তার করে দুপুরে থানায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন। সিরাজগঞ্জ: বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসানের নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ইলিয়ট ব্রিজের নিচে চোলাই মদ খেয়ে মাতলামি করায় মিরপুর রেল কলোনির রুবেল (১৯) এবং রামগাতী গ্রামের তারেককে (২২) আটক করা হয়। পরে আদালত দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। নিকলী (কিশোরগঞ্জ): বৃহস্পতিবার বিকেলে নিকলী থানার এসআই মলয় চক্রবর্তী উপজেলার কারপাশা ইউনিয়নের মাদক ব্যবসায়ী ফকির চান রবিদাসের (৩০) বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁর বাড়ির উঠানের মাটি খুঁড়ে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করেন। পরে ঘটনাস্থলে আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।বোয়ালমারী (ফরিদপুর): উপজেলার সহস্রাইল বাজার থেকে ছয় পুরিয়া হেরোইনসহ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট (জলকারপাড়া) গ্রামের মো. রানা শেখকে (২১) গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল গতকাল তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। আমতলী (বরগুনা): শুক্রবার বিকেলে উপজেলার খেকুয়ানী গ্রামের একটি চালকলে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মঞ্জু আরা বেগমকে (৩৫) র্যাব সদস্যরা আটক করেন। পরে আমতলীর ইউএনও মো. মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।