যৌন হয়রানি, মাদক সেবন ও ব্যবসার দায়ে ছয়জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি, মাদক সেবন ও ব্যবসা করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। গত কয়েক দিনে নওগাঁর আত্রাই, যশোরের চৌগাছা, কিশোরগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী ও বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: আত্রাই (নওগাঁ): এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে উপজেলার ক্ষিদ্রকালিকাপুর গ্রামের নজরুল ইসলামকে (৩৫) আদালত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিন কারাদণ্ড দিয়েছেন। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুস সোবহান তাঁকে এ দণ্ড দেন।যশোর: এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করা এবং তাঁকে ও তাঁর মাকে মারধর করার দায়ে চৌগাছা উপজেলার মাধবপুর আন্দলিয়া গ্রামের বাসিন্দা জালিমকে (২৮) এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন গত বৃহস্পতিবার তাঁকে এ দণ্ড দেন। কিশোরগঞ্জ: মাদকদ্রব্য বিক্রি করার দায়ে কিশোরগঞ্জ শহরের কুটিগির্দ্দী এলাকার জহির মিয়ার ছেলে মো. আশরাফুল ইসলামকে (১৯) এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ বৃহস্পতিবার তাঁকে এ দণ্ড দেন। বোয়ালমারী (ফরিদপুর): মাদক ব্যবসায় সহযোগিতা করার দায়ে বোয়ালমারী উপজেলার নাগদী গ্রামের মো. কামরুল ইসলামকে (২৮) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির ইকবাল তাঁকে এ দণ্ড দেন। গতকাল শুক্রবার কামরুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।শেরপুর (বগুড়া): হেরোইন সেবনের দায়ে শেরপুর শহরের শ্রীরামপুর এলাকার সাইদুল ইসলাম (৫০) ও সজল ইসলামকে (৩৮) এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম প্রধান গত মঙ্গলবার তাঁদের এ দণ্ড দেন। মঙ্গলবারই তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।