যৌন হয়রানি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিনকে প্রধান করে কমিটিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান, সিন্ডিকেট সদস্য ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক উজ্জল হোসেন।

উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সন্ধ্যায় সিন্ডিকেট সভায় কমিটির বিষয়টি উত্থাপন করে সিন্ডিকেট থেকে অনুমোদন নেওয়া হবে।’

২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক ছাত্রী ও ছাত্রলীগকর্মী যৌন হয়রানির অভিযোগ এনে উপাচার্যের কাছে চিঠি দেন। এরপর ওই শিক্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাসে টানা চার দিন বিক্ষোভ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। অপরদিকে, ২২ ডিসেম্বর রোকেয়া হলের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা যৌন হয়রানির অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে অভিযোগকারী ছাত্রীর শাস্তি দাবি করে উপাচার্যের কাছে পাল্টা চিঠি দেন। এ ছাড়া প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কাছেও আবেদন জানান ওই শিক্ষক।