যৌন হয়রানি: পাঠক প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীরা তাঁদের জীবনে ঘটে যাওয়া যৌন হয়রানির কথা '‘মি টু’ হ্যাশট্যাগের মাধ্যমে প্রকাশ করছেন। বিশ্বের নানা প্রান্তে থাকা নারীরা এর মাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। নারীরা সাধারণত লোকলজ্জার ভয়ে এতকাল এসব ঘটনা চেপে রাখতেন। তবে, ঘটনা চেপে রাখা নয়, নারীরা মনে করছেন, সেগুলো প্রকাশ করাই হতে পারে প্রতিবাদের প্রথম পদক্ষেপ।

নারীদের এ পদক্ষেপের পাশাপাশি যৌন হয়রানি রোধে পুরুষ কী ধরনের ভূমিকা পালন করতে পারে, সেটা জানতে চেয়ে প্রথম আলোর ফেসবুক পেজে মতামত জানতে চাওয়া হয়। নারীপুরুষ-নির্বিশেষে অনেকেই সেখানে মতামত দিয়েছেন। কেউ কেউ ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর জোর দিয়েছেন। আবার কেউ বলছেন অপসংস্কৃতির কারণে যৌন হয়রানি বেড়ে যাচ্ছে।
তৌহিদুল ইসলাম অনীক বলেন, ‘আমাদের দেশের মানুষ বিদেশি কালচারের দিকে ঝুঁকছে। ছেলেদেরও মানসিকতা পরিবর্তন করতে হবে। পর্নো সাইটগুলো বন্ধ করে দিতে হবে।’ জসীম উদ্দিন বলেন, ‘ছেলেদের দৃষ্টি সংযত করতে হবে। সবচেয়ে সুবিধাজনক উপায় হলো, ধর্মীয় বাধা-নিষেধ মেনে চলা।’ এবাদুর রহমান নাইফ মনে করেন, ‘পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি নারীদেরও সচেতন হতে হবে।’ নোমন নুর বলেন, ‘নিপীড়কেরা কখনোই ভালো হবে না, যদি এর বিরুদ্ধে কার্যকর কঠিন শাস্তির ব্যবস্থা করা না যায়। নারীকেও তাঁর অবস্থান থেকে সচেতন হতে হবে।’ সুলতানুল ইসলাম বাবু লিখেছেন, ‘ধর্মীয় অনুশাসন মেনে চললেই এসব সমাধান খুব সহজে হয়ে যেত। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এটা এখন আমরা খুব বেশি জটিল করে ফেলেছি।’
সেলিনা হাসান বলছেন, ‘পর্দা নয়, পুরুষের মানসিকতা পরিবর্তন করতে হবে। যাঁরা পর্দার দোহাই দিচ্ছেন, তাঁদের কথা মেনে নিতাম, যদি দেখতাম পর্দানশিন মেয়েরা হয়রানির শিকার হচ্ছে না।’ রনি রেদওয়ান লিখেছেন, ‘সত্য কথা বলতে গেলে, মুসলিম দেশে অধিকাংশ মানুষ নারীকেই দোষারোপ করবে। সমাজব্যবস্থা কিংবা পুরুষের আগ্রাসী মনোভাব—সবকিছুই নারী স্বাধীনতার প্রধান অন্তরায়। তাই এ দেশে ধর্ষকও ধর্ষণ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর ধর্ষণের শিকার নারী বেছে নেয় আত্মহত্যার পথ!’
পাঠকদের অনেকেই যৌন হয়রানি বন্ধে কঠোর আইনের দরকার মনে করছেন। মোহাম্মদ শাহিনুর ইসলাম লিখেছেন, ‘যৌন হয়রানি রোধে কঠোর আইন করা হোক এবং সে আইনের দ্রুত ও যথাযথ প্রয়োগ করা হোক। অথবা নিপীড়কদের জনগণের হাতে তুলে দেওয়া হোক। আইনের সঠিক বাস্তবায়নই পারে অপরাধীদের দমন করতে।’ তবে কোনো কোনো পাঠক শুধু আইনই যথেষ্ট মনে করছেন না। মশিউর রহমান লিখেছেন, ‘দৃষ্টিভঙ্গি না বদলালে কঠোর আইনও সুফল বয়ে আনবে না।’
মো. মুন্না বলেছেন, ‘পুরুষদের উচিত নারীদের প্রতি আরও শ্রদ্ধাশীল হওয়া। নারী নয়, তাদের মানুষ ভাবুন।’ আমিনুল হক রাসেল বলেন, ‘নারীদের প্রতি ইতিবাচক মনোভাব পরিবার থেকে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে মা-বাবার ভূমিকা অনেক বেশি।’ মো. খাইরুল আলম লিখেছেন, ‘প্রত্যেক পুরুষ যদি হয়রানির বিরোধী হয়, তাহলে যৌন হয়রানি এমনিতেই বন্ধ হয়ে যাবে।’ জুবায়ের আহমেদ মনে করেন, ‘সবার আগে দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। বিষয়টি সামনে এলেই সংঘবদ্ধভাবে ব্যবস্থা নিতে হবে; যাতে নিপীড়কেরা পালানোর পথ খুঁজে না পায়।’

সকল মন্তব্য দেখতে আমাদের ফেসবুক পোস্ট থেকে ঘুরে আসতে পারেন।