আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, খবরের কাগজে প্রায় প্রতিদিনই ইভ টিজিং বা যৌন হয়রানির কারণে নারীদের আত্মহত্যার খবর আসছে। এ পরিস্থিতিতে নতুন আইন প্রণয়ন করা জরুরি। একই সঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তি এবং মামলার সাক্ষীর নিরাপত্তা দেওয়ার জন্যও আইন প্রণয়নের চিন্তাভাবনা করছে সরকার। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আইন কমিশন ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।কর্মশালায় শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ খসড়া আইন-২০১০, ইভ টিজিং বা যৌন হয়রানিসংক্রান্ত প্রচলিত আইনের সংশোধন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর সংশোধন নিয়ে বক্তারা আলোচনা করেন।আইনমন্ত্রী যৌন হয়রানি প্রতিরোধ খসড়া আইন প্রসঙ্গে বলেন, আইনটির শিরোনামে ‘প্রতিরোধ’ না বলে ‘প্রতিকার’ বলা প্রয়োজন। সমাজে এ ধরনের অপরাধ কেন বেড়ে গেল, তার সামাজিক গবেষণা করা এবং একটি ছাত্রকে শাস্তি দিয়ে কারাগারে পাঠিয়ে আরও বড় সন্ত্রাসী না বানিয়ে উন্নয়নকেন্দ্রে পাঠানো যায় কি না, তাও চিন্তা করা প্রয়োজন।প্রসঙ্গত, গত বছরের ১৪ মে হাইকোর্ট যৌন হয়রানি প্রতিরোধে নির্দেশনাসহ একটি যুগান্তকারী রায় দেন। এ নির্দেশনার ভিত্তিতে বিএনডব্লিউএলএ আইনের খসড়া তৈরি করে আইন কমিশনে জমা দেয়। এরপর বিএনডব্লিউএলএ ও আইন কমিশন মতবিনিময় সভার আয়োজন করে। একই সঙ্গে পাকিস্তান ও ভারতের যৌন হয়রানিবিরোধী আইনের পর্যালোচনা করে বর্তমান খসড়াটি তৈরি করা হয়েছে।কর্মশালার সভাপতি আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. আবদুর রশিদ বলেন, আইন প্রণয়নের আগ পর্যন্ত হাইকোর্টের রায় মেনে চলা বাধ্যতামূলক হলেও বিষয়টিতে কেউ গুরুত্ব দিচ্ছে, আবার কেউ গুরুত্ব দিচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের জন্য আইন প্রণয়নের পাশাপাশি জনসমাগমস্থলের জন্যও আইন থাকা প্রয়োজন।বিশেষ অতিথি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন খসড়া আইনটি বিল আকারে সংসদে পাস করানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’-এর সংশোধনবিষয়ক প্রবন্ধে আইন কমিশনের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা আতোয়ার রহমান জানান, ঢাকার পাঁচটি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আইন কমিশনের পরিচালিত জরিপ অনুযায়ী প্রতি ১০০টি মামলার মধ্যে মাত্র ১০টি মামলায় সাজা হচ্ছে। বাকি ৯০টি মামলায় আসামিরা খালাস পাচ্ছে।এ প্রসঙ্গে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপপ্রয়োগ হচ্ছে বলেই মাত্র ১০ শতাংশ আসামি সাজা পাচ্ছে। তালাকসহ বিভিন্ন নির্যাতনের ঘটনায় যৌতুকের মিথ্যা মামলা করা হচ্ছে। এ মামলায় খালুশ্বশুর থেকে শুরু করে প্রায় সব আত্মীয়কে আসামি করা হচ্ছে। শেষ পর্যন্ত মামলাটি প্রমাণ করা কঠিন হয়ে যাচ্ছে।কর্মশালায় আইনের খসড়াটি উপস্থাপন করেন বিএনডব্লিউএলএর সহকারী প্রোগ্রাম কর্মকর্তা চঞ্চল মুখার্জি। যৌন হয়রানিসংক্রান্ত প্রচলিত আইনের সংশোধনবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন আইন কমিশনের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা শারমিন নিগার। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, আইন কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ আলম, বিএনডব্লিউএলএর সভাপতি ফাওজিয়া করিম, নির্বাহী পরিচালক সালমা আলীও আলোচনায় অংশ নেন।