যৌন হয়রানি বন্ধে চাই দৃষ্টিভঙ্গি বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে একলা লড়াই করা সম্ভব নয়। এ ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে। নারীদের ভোগ্য বস্তু হিসেবে দেখার মানসিকতা বদলাতে হবে। নারী-পুরুষ সবাই মানুষ—এভাবে যেদিন ভাবতে পারব, দেখতে পারব—সেই দিন নারীদের ওপর যৌন হয়রানি বন্ধ হবে।’ কথাগুলো লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া জাহানের। যৌন হয়রানি নির্মূলের লক্ষ্যে বেসরকারি সংগঠন ব্র্যাক আয়োজিত শিক্ষক ও ‘ওয়াচগ্রুপের’ মধ্যে এক মতবিনিময় সভায় সে এ কথা বলে। সুমাইয়া জানায়, এই মতবিনিময় সভায় আসার আগেও সে এক রিকশাচালকের আপত্তিকর কথার উত্তর দিতে পারেনি। আত্মসম্মানের কথা ভেবে চুপ থেকেছে। কিন্তু এখন সে প্রতিবাদ করার ব্যাপারে আত্মপ্রত্যয়ী। ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং যৌন হয়রানি নির্মূলে গঠিত ওয়াচগ্রুপের প্রতিনিধিরা এ সভায় অংশ নেন।
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জিজেডি) বিভাগের ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব’ (মেজনিন) কর্মসূচির আওতায় রাজধানীর মোহাম্মদপুরে সিবিসিবি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন জিজেডি বিভাগের পরিচালক শীপা হাফিজা। রাজধানীর বিএডিসি হাইস্কুলের কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য ও শিক্ষক নাদিরা সুলতানা যৌন হয়রানির বিষয়টি তুলে ধরে বলেন, ইদানীং ছাত্ররা মোবাইল ফোনে কথা বলে ও খুদে বার্তার মাধ্যমে ছাত্রীদের যৌন হয়রানি করে। তাই আমরা স্কুলে ছাত্রদের কাছে মোবাইল ফোন আছে কি না, তা পরীক্ষা করে শ্রেণীকক্ষে প্রবেশ করাই। তিনি কিছুটা অসহায়তা প্রকাশ করে বলেন, রক্ষকেরাও অনেক সময় ভক্ষক হয়ে ওঠেন।