স্কুল-কলেজের ছাত্রীরা যৌন হয়রানির শিকার হচ্ছে, যা সত্যি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। সে জন্য ব্যাপক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম।গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনের কার্যালয়ে এডোলেসেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডিএফ) বাংলাদেশ আয়োজিত ‘শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে যৌন হয়রানিবিরোধী নীতিমালা প্রণয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সভায় উপস্থিত ছিলেন এডিএফের উপদেষ্টা পংকজ বৈদ্য, সরোজ কান্তি দাশ, হেলাল উদ্দিন মাহবুব, সৈয়দ দিদারুল মুনীর, আনজুমান বানু প্রমুখ। সৈয়দা সাজিদা খানম সভায় এ-সংক্রান্ত একটি ধারণাপত্র উপস্থাপন করেন।সভায় বক্তারা বলেন, কিশোর বয়সে অপরিপক্ব থাকার কারণে বিশেষ করে, বয়ঃসন্ধিকালে মেয়েরা বিভ্রান্তিমূলক পথে ধাবিত হয়। তারা বিভিন্ন হয়রানি ও নির্যাতনের শিকার হয়, যা কারও কাছে প্রকাশ করতে চায় না। স্কুলছাত্রীদের যৌন হয়রানি ও নির্যাতন রোধে সিটি করপোরেশন স্কুলগুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য মেয়রের সহায়তা এবং এ ব্যাপারে একটি নীতিমালা প্রণয়নের অনুরোধ জানান তাঁরা। মেয়র মন্জুর আলম এডিএফের কর্মপরিকল্পনাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, কিশোর বয়সে নিরাপদ, সুস্থ ও পরিবেশবান্ধব জীবনযাপনের ক্ষেত্র তৈরিতে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। এ ব্যাপারে পিতা-মাতাকেও ছেলেমেয়ের প্রতি সজাগ থাকতে হবে।