প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানির কারণে আত্মহত্যা বেড়ে যাচ্ছে। এই প্রবণতা ঠেকাতে হলে দীর্ঘমেয়াদি সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। পরিবার ও সমাজই পারে এই সহিংসতা থেকে নারী-কিশোরীদের রক্ষা করতে। এ জন্য যৌন হয়রানিমুক্ত নিরাপদ সমাজ গড়তে হবে। গতকাল বুধবার ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান এসব কথা বলেন। ব্র্যাকের উদ্যোগে নগরের পুলিশ সুপার কমপ্লেক্সের ক্যাপসিকাম সম্মেলন কেন্দ্রে এই মতবিনিময় সভা হয়। সকাল ১০টায় ব্র্যাকের প্রকল্প সমন্বয়কারী খালেদা খানমের সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয়। সভায় বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মুহম্মদ গোলামুর রহমান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিদা আনজুম, এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন প্রমুখ।