যৌন হয়রানির অপবাদ সইতে না পেরে গৃহকর্মীর আত্মহত্যা!
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর গ্রামে যৌন হয়রানির অপবাদ সইতে না পেরে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে আমেনা আক্তার (১৭) নামের এক গৃহকর্মী। গত শনিবার সন্ধ্যায় গ্রামের আবদুল মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই বাড়িতে কর্মরত রংমিস্ত্রি মো. সোহেলকে (২৫) আটক করেছে।খবর পেয়ে শনিবার রাত নয়টার দিকে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ওই বাড়ির ভবনের বাথরুম থেকে লাশ উদ্ধার করে। গতকাল রোববার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমেনা লক্ষ্মীপুরের রামগতির চর আফজাল গ্রামের নুর নবীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ বছর ধরে আমেনা ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির লোকজন আমেনা পাকা ভবনের বাথরুমে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে চিৎকার দেয়।সুরতহাল প্রস্তুতকারী বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ রানা প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত। কিন্তু আমেনা ঘটনার দিন বিকেলে ওই বাড়িতে কর্মরত রংমিস্ত্রি কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে, তাই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।গৃহকর্ত্রী সুরমা খোন্দকার জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি বাড়ির বাইরে যান। তখন আমেনাকে ঘর মুছতে দেখেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এসেও তাকে ঘর মুছতে দেখেন। এ সময় ঘর মুছতে দেরি হয়েছে কেন? কয়েকবার জিজ্ঞেস করার পর সে জানায়, বাড়ির রংমিস্ত্রি সোহেল তাঁকে যৌন হয়রানি করেছেন।আমেনার মা বিবি জয়নব গতকাল প্রথম আলোকে জানান, ১০ থেকে ১২ দিন আগে আমেনা ফোনে তাঁদের জানিয়েছিল, গৃহকর্ত্রীর বাবা আবদুল মান্নান তাকে আজেবাজে কথা বলেন। তাঁরা যেন তাকে বাড়িতে নিয়ে যান। তাঁরা এসে আমেনাকে নিয়ে যেতে চাইলে গৃহকর্ত্রী ঈদ পর্যন্ত তাকে থাকার কথা বলে রেখে দেন। তবে সুরমা তাঁর পরিবারের কেউ আমেনার সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।