চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর বরাবর দোষী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।ওই ছাত্রী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, চিকিৎসকের বিরুদ্ধে মামলা করার পর থেকেই নানাভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। অচেনা নম্বর থেকে তাঁকে ফোন করে মামলা তুলে নিতে বলা হচ্ছে। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ তাঁকে হোস্টেল থেকে বের করে দিয়েছে। অধ্যক্ষের স্বাক্ষরিত চিঠি গতকাল সাংবাদিকদের দেওয়া হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্রীটির বাবা বলেন, গ্রামের বাড়ি উজিরপুরেও সংশ্লিষ্ট থানার পুলিশ গিয়ে তাঁর আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁরা আক্ষেপ করে বলেন, প্রশাসনকে ব্যবহার করে নানাভাবে তাঁদের হয়রানি করা হলেও এখন পর্যন্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ আজিজ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়েই তাঁরা মেয়েটি সম্পর্কে খোঁজ-খবর নেন।এদিকে চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, পুলিশ দুই পক্ষের দায়ের করা অভিযোগ খতিয়ে দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসককে অপহরণের দায়ে অভিযুক্তদের গ্রেপ্তার না করার প্রতিবাদে সমাবেশ ডেকেছে। বিএমএ সোমবার সন্ধ্যায় সব বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার বন্ধ রাখার কর্মসূচি দিয়েছে।৯ মে সন্ধ্যায় চিকিৎসকের চেম্বারে ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের ব্যাপারে গতকাল সাংবাদিকদের বলেন ওই ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। ছাত্রীটি চেম্বার থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে আসায় উপস্থিত অন্য লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। কিন্তু তিনি অপেক্ষা না করে হোস্টেলে চলে যান।ইডেন কলেজের ওই ছাত্রী মানসম্মানের ভয়ে চুপ করে গেলেও পরদিনই চিকিৎসকের ভাই ওই ছাত্রীসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেন। আদালতে আত্মসমর্পণের পর ছাত্রী জামিন পান। পরে তিনি চিকিৎসকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।যোগাযোগ করা হলে গতকাল সন্ধ্যায় ওই চিকিৎসক প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য। ছাত্রীটিকে হুমকি দেওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না।