যৌন হয়রানির অভিযোগ করে বিপাকে কলেজছাত্রী
বাড়ি ফেরার পথে কলেজছাত্রীকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যেতে চেয়েছিল দুই বখাটে। মেয়েটি চিৎকার শুরু করলে বখাটেরা পালিয়ে যায়। পরে মেয়েটি সাহস করে এই দুই বখাটের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়। কিন্তু আইনগত কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বিষয়টি সামাজিকভাবে মীমাংসার পরামর্শ দিচ্ছেন মেয়েটির পরিবারকে।সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গঙ্গাধরপুর গ্রামে ওই ছাত্রীর বাড়ি। গত বুধবার এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার থানায় অভিযোগ দেওয়া হয়। জানা গেছে, জামালগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এবার মেয়েটি এইচএসসি পরীক্ষা দেবে। গত বুধবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলে গিয়ে স্থানীয় ছয়হারা গ্রামের হরিধন তালুকদারের ছেলে কাজল তালুকদার (২৫) ও নয়াহালট গ্রামের আবু হানিফার ছেলে মোহামঞ্চদ মুসা (২৪) তার পথরোধ করে। একপর্যায়ে বখাটেরা মেয়েটিকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন মেয়েটির চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। কাজল তালুকদার স্থানীয় যুবলীগের কর্মী। মেয়েটি বৃহস্পতিবার কলেজে এসে ঘটনাটি অধ্যক্ষকে জানালে অধ্যক্ষ থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। কিন্তু অভিযোগ দেওয়ার পর থেকে বিষয়টি মীমাংসার জন্য তাদের চাপ দেওয়া হচ্ছে। মেয়েটির পরিবারের অভিযোগ, বখাটেদের পরিবার প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন বলেছেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই বিষয়টির সামাজিক নিষ্পত্তি চাইছি আমরা। উপজেলা নির্বাহী কর্মকর্তাও এতে সমঞ্চত আছেন।’ জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম খান বলেন, ‘আমি আজ (শুক্রবার) সকালে মেয়েটির পরিবারকে ডেকে আইনগত না সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি হবে, সেটি জানতে চেয়েছি। সামাজিকভাবে শেষ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামছুল হক প্রথম আলোকে বলেছেন, ‘আমার কাছে কিছু লোক এসে সামাজিকভাবে নিষ্পত্তির কথা বলেছিল। আমি তাদের চেষ্টা করে দেখতে বলেছি।’