যৌন হয়রানির অভিযোগ, চিকিৎসকের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের এক চিকিৎসককে অপসারণ করাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ওই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তবে চিকিৎসক অভিযোগ অস্বীকার করেছেন।
গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়।
ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকারিয়া খন্দকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মেহেদি হাসান, রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ফজলে রাব্বি, প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সালমা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই চিকিৎসককে সাময়িক অপসারণ করতে হবে। বক্তারা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক নারী চিকিৎসক দেওয়ার দাবি জানান।
যৌন হয়রানির অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের কাছে পাঠিয়েছেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সাত সদস্যের এই সেলের প্রধান সহ-উপাচার্য শিরীণ আখতার।
উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কমিটির তদন্ত প্রতিবেদন অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।