যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের এক খণ্ডকালীন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। জানা গেছে, নাট্যকলা ও সংগীত বিভাগের খণ্ডকালীন ওই শিক্ষক একই বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে মুঠোফোনে নানা প্রলোভন দেখাতেন। বাদ্যযন্ত্র শেখানোর কথা বলে তিনি ওই ছাত্রীকে তাঁর বাসায় ডাকতেন। বাসায় যেতে রাজি না হওয়ায় তিনি ভালো ফলাফল করিয়ে দেওয়ার নাম তাঁকে তাঁর কক্ষে আসতে বলেন। এভাবে দীর্ঘদিন ধরে তিনি ওই ছাত্রীকে তাঁর সঙ্গে যৌন কাজে লিপ্ত করার চেষ্টা করে আসছেন বলে গত সোমবার (১৭ জানুয়ারি) উপাচার্য ও বিভাগীয় সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত মঙ্গলবার নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষক অসিত রায়কে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তে ওই শিক্ষক দোষী সাব্যস্ত হন। তাঁকে শাস্তি দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন পেশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল ওই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি মলয় ভৌমিক ওই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। অব্যাহতি পাওয়া ওই শিক্ষক গতকাল বিকেলে জানান, এখন পর্যন্ত তিনি কোনো চিঠি পাননি।