যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষককে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তাঁরা হলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) শিবানন্দ বিশ্বাস ও সহকারী শিক্ষক (ইংরেজি) রথীন্দ্রনাথ মণ্ডল।এলাকাবাসী গত বুধবার ওই দুজন শিক্ষকের বিরুদ্ধে শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, সহকারী শিক্ষক (কম্পিউটার) শিবানন্দ বিশ্বাস ও সহকারী শিক্ষক (ইংরেজি) রথীন্দ্রনাথ মণ্ডল দীর্ঘদিন ধরে সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন। লোকলজ্জা এবং পরীক্ষায় অকৃতকার্য করার ভয়ে ছাত্রীরা বিষয়টি অভিভাবককে জানায়নি। সম্প্রতি কয়েকজন ছাত্রী তাদের অভিভাবককে বিষয়টি জানায়। হয়রানিমূলক কথোপকথনের একটি অডিও রেকর্ডিংও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে তারা।অভিভাবক মহিতোষ ধর বলেন, ‘ওই দুজন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ সুন্দলী গ্রামের অশান্ত চ্যাটার্জি বলেন, ‘বিদ্যালয়ের স্বার্থে দুজন শিক্ষককে অপসারণ করা উচিত।’ নাম প্রকাশ না করার শর্তে দুজন ছাত্রী বলে, ‘দীর্ঘদিন ধরে দুজন স্যার আমাদের নানাভাবে উত্ত্যক্ত করতেন। ভয়ে এত দিন কাউকে কিছু বলিনি। এখন বলতে বাধ্য হয়েছি।’বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর বিদ্যালয় পরিচালনা পর্ষদ দুজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চৈতন্য কুমার মণ্ডল জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস জানান, মোবাইলে দুজন শিক্ষক ছাত্রীদের নিয়ে কিছু বাজে কথা বলেছেন। সেই রেকর্ডিং পাওয়া গেছে। এ কারণে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।এ ব্যাপারে শিক্ষক রথীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘এগুলো সাজানো অভিযোগ। এর কোনো ভিত্তি নেই। স্কুল কর্তৃপক্ষ আমাকে সাময়িক বহিষ্কার করেছে। কিন্তু কী কারণে বহিষ্কার করা হয়েছে তা আমাকে জানানো হয়নি। আমি কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানির মামলা করব।’শিক্ষক শিবানন্দ বিশ্বাস বলেন, ‘অভিযোগগুলো সঠিক নয়। কী কারণে আমাকে বহিষ্কার করেছে তা জানার চেষ্টা করছি।’ইউএনও বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’