যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার সুপার গ্রেপ্তার
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বুজরুক হরিনা ইসলামিয়া মাদ্রাসার এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ মাদ্রাসার সুপার রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার বেলা একটার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদলতে পাঠিয়েছে।ওই শিক্ষিকা জানান, ২০০৩ সালে তিনি মাদ্রাসায় সহকারী শিক্ষিকা পদে যোগ দেন। এর পর থেকে মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম তাঁকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। একপর্যায়ে স্বামীকে তালাক দিয়ে তাঁকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন সুপার। এসবে সাড়া না দেওয়ায় রফিকুল তাঁকে চাকরিচ্যুত করতে উঠেপড়ে লাগেন। এরপর বিভিন্ন অজুহাতে তাঁকে চারবার সাময়িক বহিষ্কার করা হয়।ওই শিক্ষিকা আরও জানান, গত ১৭ অক্টোবর মাদ্রাসার কম্পিউটার কক্ষে একা পেয়ে সুপার তাঁকে যৌন হয়রানি করেন। গত ৯ নভেম্বর তিনি রফিকুল ইসলামের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হিপজুর আলম মুন্সী জানান, তদন্তে সুপারের বিরুদ্ধে ওই শিক্ষিকাকে যৌন হয়রানির সত্যতা পাওয়া গেছে।এ ব্যাপারে জানতে চাইলে রফিকুল ইসলাম জানান, ওই শিক্ষিকার অভিযোগ ঠিক নয়। তিনি তাঁর আত্মীয়। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে ফাঁসানো হয়েছে। মাদ্রাসার সভাপতি আশরাফুল ইসলাম জানান, ওই মাদ্রাসায় যৌন হয়রানির কোনো ঘটনা তাঁর জানা নেই।