যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীর তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পাবনার সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকের নাম আবুল কালাম আজাদ (৩৫)। ছাত্রীদের অভিযোগ, প্রাইভেট পড়ানোর সময় এবং স্কুলের টিফিন চলাকালে ওই শিক্ষক তাদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। তারা শিক্ষকের অপসারণ দাবি করেছে। ছাত্রীদের পরিবার সূত্রে জানা যায়, শিক্ষক আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে ওই তিন ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত মঙ্গলবার সকালে ছাত্রীরা তাঁর বাড়িতে প্রাইভেট পড়তে গেলে তিনি উত্ত্যক্ত করার মাত্রা বাড়িয়ে দেন। একপর্যায়ে ছাত্রীরা বিষয়টি তাদের পরিবারকে জানালে পরিবারের সদস্যরা তা স্কুল কর্তৃপক্ষকে জানান। কিন্তু স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরে ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পারভীন বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ওই শিক্ষককে সতর্ক করেছিলাম। কিন্তু ছাত্রীরা তা মেনে নেয়নি। তারা শিক্ষকের অপসারণ দাবি করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করেছে। গত বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যর একটি তদন্ত দল ঘটনাটি তদন্ত করে শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। আমরা তাঁকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলে আসতে নিষেধ করেছি।’স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদুজ্জামান বলেন, ‘এই শিক্ষকের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ পাওয়া গেছে। তবে সুনির্দিষ্ট প্রমাণের অভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। আমরা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাঁর অপসারণ দাবি করি।’ সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তবে প্রাথমিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই শিক্ষককে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। তাঁকে অন্য স্কুলে বদলির সিদ্ধান্ত হয়েছে।’